চট্টগ্রামে নোট-গাইড বই বিক্রি থেমে নেই
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরও প্রতিদিন চট্টগ্রামে আসছে নোটবই। বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির একটি চক্র নোটবইয়ের এ ব্যবসায় নেতৃত্ব দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। পুস্তক বিক্রেতারা যুক্তি দেখাচ্ছেন, সরকার আইন করে এভাবে গাইড বিক্রি বন্ধ করে দিলে অনেক বইয়ের দোকানিকে পথে বসতে হবে।গত মঙ্গলবার নগরের প্রধান বই বিপণিকেন্দ্র আন্দরকিল্লায় গিয়ে বিভিন্ন বইয়ের দোকানে নোটবই বিক্রির সত্যতা পাওয়া গেছে। এসব দোকানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর নোটবই বিক্রি হচ্ছে। এ প্রতিবেদক ক্রেতা সেজে একটি দোকানে ষষ্ঠ শ্রেণীর নোটবই চান। বিক্রেতা আছে বলে জানতে চান, কোনটা নেবেন, বুক ফেয়ার নাকি অন্যটা? বিক্রেতা কয়েকটি প্রকাশনার গাইড বই দেখান। পরে এনে দেন ‘এডভাইজ একের ভিতর সব’। গায়ে খুচরা মূল্য ৬৫০ টাকা লেখা থাকলেও দরকষাকষির পর বইয়ের দাম ৩০০ টাকা নেন দোকানি।আন্দরকিল্লা মার্কেটের আরেকটি দোকানে গিয়ে পঞ্চম শ্রেণীর নোটবই খুঁজতেই বিক্রেতা বের করে দিলেন গ্যালাক্সি নামের পঞ্চম শ্রেণীর একটি নোটবই। অন্য নোটবই চাইতেই পাশের দোকান থেকে এনে দেন ‘মুন স্টার একের ভিতর অনেক’। দোকানি গাইড বইটির দাম রাখেন ১৫০ টাকা। এভাবেই নগরের প্রধান বই বিপণিকেন্দ্র আন্দরকিল্লায় চলছে প্রথম থেকে অষ্টম শ্রেণীর গাইড ও নোটবইয়ের ব্যবসা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরও প্রতিদিন ট্রাক ও কাভার্ড ভ্যানযোগে আসছে বই।অভিযোগ রয়েছে, বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক জমজম লাইব্রেরির মালিক ছাবের আহম্মদ, চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি বদিউল আলম, ফজল আহমদসহ কয়েকজন এ ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। তাঁরা গত বছরের ২৯ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নোটবইয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সমালোচনা করেন। তাঁদের সংবাদ সম্মেলনের আগে দুপুরে আন্দরকিল্লা থেকে র্যাবের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত সাত ট্রাক নোট ও গাইড বই উদ্ধার করে পুড়িয়ে ফেলেন। অভিযানের সময় এসব বইয়ের কোনো দাবিদার পাওয়া যায়নি।কিন্তু সংবাদ সম্মেলনে সমিতির এ কয়েকজন নেতা জব্দ করা বই ফেরত দেওয়ার দাবি জানান। নইলে তাঁরা ১৫ দিনের মধ্যে আন্দোলন গড়ে তুলবেন বলে হুমকি দেন। খন্দকার নুরুল হক বলেন, ‘অভিযানের সময় জব্দ হওয়া বই কেউই তাঁদের বলে দাবি করেননি।