চট্টগ্রামে নোটিশ দেওয়ার পরও সরানো হয়নি বিলবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মুরাদপুর থেকে ওয়াসা মোড় পর্যন্ত স্থাপিত ১৭৪টি বিলবোর্ড সাত দিনের মধ্যে সরিয়ে নিতে সংশ্লিষ্ট ১৪টি বিজ্ঞাপনী সংস্থাকে নোটিশ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। নির্ধারিত সময় পার হয়েছে ১১ দিন। কিন্তু এখনো অপসারণ করা হয়নি বিলবোর্ডগুলো।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ওই এলাকায় মুরাদপুর-লালখান বাজার উড়ালসড়ক নির্মাণ করবে। সংস্থাটি বলছে, বিলবোর্ড থাকলে উড়ালসড়কের নির্মাণকাজ ব্যাহত হবে। তাই ওই এলাকার মধ্যে থাকা বিলবোর্ডগুলো সরিয়ে নিতে হবে। বিজ্ঞাপনী সংস্থাগুলো নিজেদের উদ্যোগে সরিয়ে না নিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিলবোর্ড অপসারণ করা হবে।
সিটি করপোরেশন সূত্র জানায়, মুরাদপুর থেকে ওয়াসা মোড় পর্যন্ত সব বিলবোর্ড অপসারণের জন্য চউক গত ৩ ফেব্রুয়ারি সিটি করপোরেশনকে চিঠি দেয়। চউকের চিঠির পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন গত ১২ ফেব্রুয়ারি বিজ্ঞাপনী সংস্থাগুলোকে বিলবোর্ড সরিয়ে নিতে নোটিশ দেয়। নোটিশে ১৪টি বিজ্ঞাপনী সংস্থাকে সাত দিন সময় দেওয়া হয়।
সূত্র জানায়, ১৭৪টি বিলবোর্ডের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাডভেলি ও ঢাকার কাজী জেসিনের মালিকানাধীন বায়োস্কোপের। এই দুটি প্রতিষ্ঠানের ৫১টি করে বিলবোর্ড রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সিটি করপোরেশনের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নোটিশ দেওয়া হলেও বিজ্ঞাপনী সংস্থাগুলো এখনো পর্যন্ত বিলবোর্ড অপসারণে কোনো ব্যবস্থা নেয়নি। সংস্থাগুলোর মধ্যে সে ধরনের কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।
জানা গেছে, এ নিয়ে চউক নগরে তৃতীয় উড়ালসড়ক নির্মাণ করতে যাচ্ছে। এর মধ্যে বহদ্দারহাট উড়ালসড়ক উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বর্তমানে কদমতলী উড়ালসড়কের নির্মাণকাজ চলছে। সূত্র জানায়, ওই দুটি উড়ালসড়ক নির্মাণের সময়ও ওই এলাকায় অবস্থিত বিলবোর্ডগুলো অপসারণ করেনি বিজ্ঞাপনী সংস্থাগুলো। পরে সিটি করপোরেশন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বহদ্দারহাট থেকে ৩৪টি এবং কদমতলী এলাকা থেকে ৩৭টি বিলবোর্ড উচ্ছেদ করে।
চউক সূত্র জানায়, ৫ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের এই উড়ালসড়ক নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৬২ কোটি টাকা।
চউকের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান জানান, আগামী এপ্রিল মাসে এই উড়ালসড়কের নির্মাণকাজ শুরু হবে। প্রাক-দরপত্রে ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এখন তা যাচাই-বাছাই করা হচ্ছে।
মো. মাহফুজুর রহমান বলেন, ‘উড়ালসড়কের কাজ নির্বিঘ্ন করতে ওই এলাকায় অবস্থিত সব বিলবোর্ড অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিটি করপোরেশনকে চিঠি দিয়েছি। করপোরেশন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দিয়েছে। তাই এসব বিলবোর্ড এখন থেকে অবৈধ। তাই বিজ্ঞাপনী সংস্থাগুলো অবৈধ বিলবোর্ডগুলো সরিয়ে না নিলে আমরা ম্যাজিস্ট্রেট দিয়ে তা উচ্ছেদ করব।’
নোটিশ দেওয়ার পরও বিলবোর্ড সরিয়ে নিচ্ছেন না কেন?—এ প্রশ্নের জবাবে মহিউদ্দিন বাচ্চু প্রথম আলোকে বলেন, ‘নোটিশের বিষয়ে আসলে এ মুহূর্তে বলতে পারছি না। আর যদি বিলবোর্ড সরিয়ে নিতে হয়, তাহলে যেভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেভাবেই নেওয়া হবে।’