চট্টগ্রামে বিএনপির দুটি পক্ষ আলাদাভাবে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করেন। অন্যদিকে, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তাঁর অনুসারীরা জেলার রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। নোমান-সমর্থকদের আলোচনা সভায় চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম এবং বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান বলেন, দেশে ক্রান্তিকাল চলছে। সড়ক যোগাযোগ, আইনশৃঙ্খলা, বিদ্যুৎ, পানি, গ্যাস ও শেয়ারবাজার ধ্বংস হয়ে গেছে। মানুষ এই ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্তি চায়।খালেদা জিয়া ঈদ-পরবর্তী আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করবেন উল্লেখ করে নোমান দলীয় নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।অপরদিকে, খসরুর অনুসারীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের প্রথম কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ কর্মসূচিতেও সিটি মেয়র মন্জুর আলম উপস্থিত ছিলেন। কবরে পুষ্পমাল্য অর্পণের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।