চট্টগ্রামে নোমান ছাড়া আর কেউ মাঠে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের কাউকে আর চট্টগ্রামের রাজপথে দেখা যাচ্ছে না। দলীয় কর্মীদের সংগঠিত করে চট্টগ্রামের রাজপথ কিঞ্চিত চাঙা রেখেছেন এই নেতা।
গত ২৮ নভেম্বর থেকে নেতারা আত্মগোপনে চলে যান। পুলিশ অবশ্য সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন এবং সাবেক রাষ্ট্রদূত ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারকে গত ২৮ নভেম্বর গ্রেপ্তার করে। এর পর থেকে আবদুল্লাহ আল নোমান ছাড়া আর কেউ প্রকাশ্যে দলীয় কর্মসূচিতে আসছেন না। এমনকি তাঁরা মুঠোফোনও বন্ধ রেখেছেন। আজ শনিবার থেকে ১৮-দলীয় জোটের কর্মসূচিতে নোমান উপস্থিত থাকতে পারেন বলে দলীয় নেতারা ইঙ্গিত দিয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গণহারে আমাদের প্রত্যেক নেতার বিরুদ্ধে পুলিশ মামলা দিয়েছে। এ কারণে সবাই আত্মগোপনে আছেন। দলীয় কর্মসূচিগুলোতে আমিসহ কেউ উপস্থিত হতে পারছি না।’
পুলিশ সূত্র জানায়, গত ২৭ নভেম্বর নগরের চট্টেশ্বরী এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন লাগিয়ে দেন পিকেটাররা। এতে এক যাত্রী দগ্ধ হন। ওই দিনের ঘটনায় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, গোলাম আকবর খোন্দকার, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, নগর জামায়াতের আমির ও সাংসদ শামসুল ইসলামসহ ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের আসামি করে চকবাজার থানায় মামলাটি করে পুলিশ।
একই দিন নগরের কাজীর দেউড়ি মোড়ে গাড়ি ভাঙচুরের ঘটনায় আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমানসহ ৭৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় আরেকটি মামলা করা হয়। উভয় মামলায় মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও গোলাম আকবর খোন্দকার গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন।
গায়েবানা জানাজা: এদিকে অবরোধে সারা দেশে নিহতদের জন্য গায়েবানা জানাজা করেছে চট্টগ্রামের ১৮-দলীয় জোট। চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে গতকাল বাদ জুমা অনুষ্ঠিত এই জানাজায় বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, নগর জামায়াতের নায়েবে আমির আফছারউদ্দিন চৌধুরী অংশ নেন। জানাজায় অংশ নিয়ে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম সরকারের সমালোচনা করে বলেন, ‘শেখ হাসিনা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিলেই দেশে শান্তি ফিরে আসবে। জনগণ এই দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না।’