বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরে মিছিল ও সমাবেশ হয়েছে। এক-এগারো উপলক্ষে নোমান ও তাঁর অনুসারীরা এ কর্মসূচি পালন করেন।বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী, দলটি সারা দেশে দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করে। রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি হয়। গতকাল বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবন থেকে নোমানের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি নগরের নূর আহম্মদ সড়ক, জুবিলী রোড, নিউ মার্কেট, স্টেশন রোড, বিআরটিসি ও এনায়েত বাজার হয়ে আবার নাসিমন ভবনে এসে শেষ হয়। মিছিলের সামনে নোমান ছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রমিক সম্পাদক এম নাজিমউদ্দিন, নগর বিএনপির সাবেক সহসভাপতি শামসুল আলম, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এম এ সবুর ও যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, খুলশী থানার আহ্বায়ক আবদুস সাত্তার, নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীকে দেখা গেছে।নাসিমন ভবন চত্বরের সংক্ষিপ্ত সমাবেশে আবদুল্লাহ আল নোমান বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র ও আওয়ামী লীগের ধ্বংসাত্মক রাজনীতির কারণে দেশে এক-এগারোর সৃষ্টি হয়েছিল। এক-এগারোর সরকার অবৈধ ও সংবিধানবিরোধী ছিল। সেই অবৈধ সরকার বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপিকে ধ্বংসের চক্রান্তে লিপ্ত ছিল। কারচুপির নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকারের সব অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন দিয়েছে। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেনের নেতৃত্বে গত সোমবার নগরের লালদীঘি মাঠে সমাবেশ হয়। ওই সমাবেশে নোমানকে আমন্ত্রণ জানানো হলেও তিনি যাননি। তবে সোমবার বিকেলে তাঁর অনুসারীরা দলীয় কার্যালয় নাসিমন ভবনে পৃথক সমাবেশ করেছেন।