চট্টগ্রামে নয়জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই যুবকের লাশ উদ্ধারের ঘটনায় গতকাল মঙ্গলবার খুলশী থানায় মামলা হয়েছে। এতে নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তবে পুলিশ গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ জানায়, নিহত কামরুল হাসানের বাবা আবদুল হাকিম বাদী হয়ে গতকাল মঙ্গলবার সকালে মামলাটি দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে হাত-পা বেঁধে দুইজনকে খুন করা হয়। আসামিদের সবাই ছিনতাইকারী, নেশাখোর ও ছিঁচকে সন্ত্রাসী বলে পুলিশ জানায়।
এদিকে সোমবার লাশ উদ্ধারের পর নগরের ২ নম্বর গেটে ছাত্রলীগের নামধারী কিছু কর্মী-সমর্থক সড়ক অবরোধ করে ১০টি গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় খুলশী থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া বাদী হয়ে পুলিশের কাজে বাধাদান ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) নব জ্যোতি খীসা জানান, ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ খুনের ঘটনা ঘটতে পারে। এটিসহ কয়েকটি বিষয় সামনে রেখে তদন্ত চলছে।
খুলশী ২ নম্বর গেট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে সোমবার দুপুরে কামরুল হাসান (১৮) ও মোহাম্মদ ফোরকান (২০) নামে দুইজনের লাশ উদ্ধার করে পুলিশ। কামরুল স্থানীয় ওমর গণি এমইসএস কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র, আর ফোরকান ইপিজেডে একটি কারখানায় কর্মরত ছিলেন। তাঁরা দুজনেই ঘনিষ্ঠ বন্ধু এবং ছাত্রলীগের কর্মী-সমর্থক ছিলেন।