চট্টগ্রামে পথশিশুদের সুরক্ষায় মতবিনিময়
শিশুদের ওপর যৌন সহিংসতার প্রেক্ষাপটে পথশিশুদের সুরক্ষায় সুশীল সমাজ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগের রূপরেখা প্রণয়নকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, সরকার শিশু সুরক্ষায় নানা আইন করলেও এখনো প্রতিদিন তারা নির্যাতনের শিকার হচ্ছে।ইনসিডিন বাংলাদেশ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা গতকাল রোববার এই সভার আয়োজন করে। স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের গর্ভনেন্স অ্যান্ড হিউম্যান রাইটস বিভাগের প্রকল্প ব্যবস্থাপক জুলিয়া জ্যাকোবি, সেভ দ্য চিলড্রেনের ব্যবস্থাপক একরামুল কবির প্রমুখ। সিটি করপোরেশনের কাউন্সিলর গিয়াস উদ্দিন, রেহেনা বেগম, রেখা আলম, আনজুমান আরা বেগম, সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল প্রমুখ আলোচনায় অংশ নেন।