চট্টগ্রামে পথে পথে মাদক ‘ড্যান্ডি’
চট্টগ্রাম নগরের কদমতলী বাসস্ট্যান্ড, স্টেশন সড়ক, নিউমার্কেট এলাকা, বরিশাল কলোনিসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন দেখা মেলে তাদের। বয়স ১০ থেকে ২০ বছর। তাদের পেশা কাগজ কুড়ানো। এদের হাতে টোকাইয়ের ঝোলার পাশাপাশি দেখা যায় একটি পলিথিন। কিছুক্ষণ পর পর মুখের সামনে পলিথিনটি ধরে শ্বাস নিতে দেখা যায়। পলিথিনের ভেতরে হলুদ রঙের কিছু বস্তু। এতে মাথা ঝিম ঝিম করে বলে তারা জানায়। এই নেশার নাম ‘ড্যান্ডি’।নগরের ছন্নছাড়া এসব পথশিশু-কিশোরের বেশির ভাগ এখন ডুবে আছে ড্যান্ডি নামের বিশেষ পদ্ধতির এই নেশায়। নিজেদের কাজ করতে করতে প্রকাশ্যে ফুটপাতে কিংবা রাস্তায় হাঁটতে হাঁটতে তারা পলিথিন মুখে ধরে শ্বাস নেয়। তবে শিশু-কিশোরদের কাছে এটি নেশা হলেও মাদকদ্রব্য অধিদপ্তরের কাছে এটি মাদক হিসেবে বিবেচিত হচ্ছে না।বিষয়টি স্বীকার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘পথশিশুদের মধ্যে এই আঠার গন্ধ নেওয়ার প্রবণতা দেখা যায়। জুতার আঠা নিষিদ্ধ কোনো বস্তু নয়, যার কারণে আমরা এ ব্যাপারে কিছু করতেও পারছি না। যদি ইয়াবা, গাঁজা ইত্যাদির মতো বিষয় হতো, তা হলে আমরা সরাসরি অ্যাকশনে যেতে পারতাম।’ স্টেশন রোডের রফিক নামের এক টোকাই ড্যান্ডি নেওয়ার ফাঁকে বলে, ‘ভেতরে জুতা কিংবা ফোমের কাজে ব্যবহূত আঠা রয়েছে। এই আঠা থেকে একধরনের গন্ধ বের হয়। ওই গন্ধ আমরা বারবার টানি। এতে মাথা ঝিম ঝিম করে।’রফিকের সঙ্গে কথা বলার ফাঁকে এসে যোগ দেয় সুমন, আলী ও অন্যরা। কেন এটা নাও—এমন প্রশ্নে সবাই হেসে ওঠে। বলে, ‘ভালো লাগে। এটা নিলে একধরনের নেশা হয়।’ খোঁজ নিয়ে জানা গেছে, জুতা কিংবা ফোমে ব্যবহূত সলিয়শনটি (আঠা) তৈরিতে ব্যবহূত হয় স্প্রিট। দীর্ঘক্ষণ এটি নাকে-মুখে শ্বাস নিলে মাথা ঝিম ঝিম করতে থাকে। পাশাপাশি আসক্তি তৈরি হয় বলে চিকিৎসকেরা জানান।চট্টগ্রামের সরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের তত্ত্বাবধায়ক মনোরোগ বিশেষজ্ঞ মো. শফিউল হাসান প্রথম আলোকে বলেন, স্প্রিট দিয়ে এই আঠা তৈরি হয়। এটা দীর্ঘদিন ব্যবহারে শ্বাসযন্ত্রের ক্ষতি হতে পারে। এ ছাড়া আলসারসহ নানা ধরনের জটিলতা দেখা দেবে। প্রতিদিন নিলে একসময় এটা আসক্তি তৈরি করে।