চট্টগ্রামে পদোন্নতির পরীক্ষা দিতে এসে পুলিশ সদস্যের মৃত্যু
পদোন্নতির পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন পুলিশের কনস্টেবল শাহাজাদা আবুল কালাম (৫০)। গতকাল সোমবার গুরুতর অসুস্থ হয়ে পড়া শাহাজাদাকে অ্যাম্বুলেন্সযোগে দামপাড়া পুলিশ লাইন থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।পুলিশ সূত্র জানায়, শাহাজাদার গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের যানবাহন শাখায় কর্মরত ছিলেন। গত বছর তিনি একবার হূদরোগে আক্রান্ত হন। পরে তাঁর শরীরে দুটি রিং লাগানো হয়। কনস্টেবল থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদের জন্য তিনি গতকাল সকালে দামপাড়া পুলিশ লাইনে পরীক্ষা দিতে এসেছিলেন।চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘প্যারেডে দাঁড়ানোর পর তিনি অস্বস্তিবোধ করছিলেন। আমরা দ্রুত অ্যাম্বুলেন্স এনে তাঁকে হাসপাতালে পাঠাই। কিছুক্ষণ পর তাঁর মৃত্যুর খবর পাই।’