চট্টগ্রামে পবিত্র আশুরা পালিত
যথাযথ মর্যাদায় এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামে গত শনিবার পবিত্র আশুরা পালিত হয়েছে। নগরে শোক ও তাজিয়া মিছিল বের করা হয়। ছিল ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।
শনিবার বেলা ১১টায় নগরের সদরঘাটের একটি মসজিদ থেকে প্রথম শোক মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর দুপুরে বাকলিয়া থেকে আরেকটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরের সিরাজদ্দৌলা সড়ক প্রদক্ষিণ করে বিকেলে আবার বাকলিয়া চেয়ারম্যান কলোনিতে গিয়ে শেষ হয়।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামে সাতটি শোক ও তাজিয়া মিছিল বের হয়। প্রতিটি মিছিলে পুলিশ পাহারা ছিল।
মিছিল বের হওয়ার আগে সাদাপোশাকের পুলিশসদস্যরা আশপাশের এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে ছিলেন। তিনি বলেন, ঢাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রামে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।