চট্টগ্রামে পবিত্র আশুরা পালিত
চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত মঙ্গলবার পবিত্র আশুরা পালিত হয়। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন দিনভর ব্যাপক কর্মসূচি পালন করে। এর মধ্যে ছিল ধর্মীয় শোভাযাত্রা, আলোচনা, মেলা ইত্যাদি।জানা গেছে, মঙ্গলবার সকালে নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণ, ষোলশহর, পাহাড়তলী, ঝাউতলা, খুলশী, আমবাগান, টাইগারপাসহ বিভিন্ন এলাকায় ধর্মীয় শোভাযাত্রা বের হয়। এগুলো নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় কারবালার মর্মন্তুদ ঘটনাকে ফুটিয়ে তোলা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ‘হায় হোসেন, হায় হোসেন’ বলে মাতম করতে দেখা যায়।বিকেলে বিভিন্ন সংগঠন ও মহল্লাবাসীর উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি ‘আশুরা’ মেলা বসে নগরের বিভিন্ন এলাকায়। এসব মেলায় বিভিন্ন ধরনের খাবার, শিশুদের খেলনা, মাটির জিনিসপত্র প্রাধান্য পায়।মঙ্গলবার সন্ধ্যায় ঈদগাহ বণিক কল্যাণ সমিতির উদ্যোগে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘মহররমের তাৎপর্য’ শীর্ষক ধর্মীয় আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মনসুরাবাদ মোড়ে বসে ‘আশুরা মেলা’।