চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত
উৎসবমুখর পরিবেশে এবং যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করেছেন।
চট্টগ্রাম নগরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল পৌনে আটটায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবার নগরে ১৬২টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে সকাল পৌনে নয়টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সকাল আটটায় এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেশিয়াম মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে নামাজ আদায় করেছেন প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও মাহমুদুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।