চট্টগ্রামে পরিবহন ধর্মঘট স্থগিত

পরিবহনশ্রমিকদের ডাকা ২৪ ঘণ্টার ধর্মঘট আজ মঙ্গলবার বেলা তিনটায় স্থগিত করা হয়েছে। বেলা দুইটায় নগর পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে পরিবহন ধর্মঘট আহ্বানকারী শ্রমিকনেতাদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের পর ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল হাসান এবং জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা বেলা দুইটায় পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে ধর্মঘট আহ্বানকারী পরিবহন শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠক করেন। প্রায় এক ঘণ্টা আলোচনার পর পরিবহনশ্রমিকেরা ধর্মঘট স্থগিত করেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল হাসান প্রথম আলোকে বলেন, পরিবহনশ্রমিকদের কিছু দাবি যৌক্তিক। বিশেষ করে বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ করা প্রয়োজন। কিন্তু এসব দাবি কীভাবে পূরণ করা যায়, তা নিয়ে সিটি মেয়র মহোদয়ের সঙ্গে আগামী ৪ ডিসেম্বর পরবর্তী বৈঠক হবে। বৈঠকে আন্দোলনকারীরা শ্রমিক সংগঠনের নেতারা থাকবেন। সেখানে ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত হবে। এ আলোচনার পর ধর্মঘট স্থগিত রাখার ঘোষণা দেন পরিবহন শ্রমিকনেতারা।
বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন চট্টগ্রামের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহামদ বলেন, ‘পুলিশ কর্মকর্তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা ৪ ডিসেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত করেছি। ওই বৈঠকে মেয়রের সঙ্গে বৈঠকে আমাদের দাবি নিয়ে আলোচনা হবে। মেয়রের সঙ্গে আলোচনার ওপর নির্ভর করছে আমাদের পরবর্তী সিদ্ধান্ত।’
এর আগে আজ ভোর ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত নয় ঘণ্টা পরিবহন ধর্মঘটের কারণে নগরের বেশির ভাগ মানুষ নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে পারেনি। অনেককে আবার রাস্তায় নেমে গাড়ি না পেয়ে অফিসে যেতে পারেনি। অনেকে আবার হেঁটে অফিস-আদালতে যান। ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়ছে বৃহত্তর চট্টগ্রামের মানুষ। চট্টগ্রাম নগর এবং জেলার কোথাও রিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চলেনি। ফলে আজ ভোর থেকে স্কুল, কলেজ, অফিস ও আদালতমুখী লোকজনকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে ধর্মঘট স্থগিত ঘোষণার পর আজ বেলা তিনটার পর গণপরিবহন চলাচল শুরু হয়।
নয় দফা দাবিতে বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক শাখার আজ ভোর ছয়টা থেকে আগামীকাল ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছিল। তাদের দাবির মধ্যে নগরে বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ, অনিবন্ধিত অটোরিকশার নিবন্ধন দেওয়া, ড্রাইভিং লাইসেন্স দেওয়া সহজ করা ইত্যাদি।