চট্টগ্রামে পরিবহন ধর্মঘটে জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর চট্টগ্রামে আজ রোববার সকাল থেকে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এ ধর্মঘট ডেকেছে। আজ ভোর ছয়টা থেকে কাল সোমবার ভোর ছয়টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। ধর্মঘটের সময় সব ধরনের পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে ব্যক্তিগত (প্রাইভেট) যানবাহন ধর্মঘটের আওতামুক্ত থাকবে।
পাঁচ দফা দাবিতে গত ২৫ অক্টোবর ফেডারেশনের পূর্বাঞ্চল শাখার এক সম্মেলন থেকে এই ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়।
ধর্মঘটের মধ্যে আজ সকালে নগরের মুরাদপুর, বহদ্দারহাট, অলংকার মোড়, লালখানবাজার, আগ্রাবাদ বাদামতলী, হালিশহর, ষোলশহর ২ নম্বর গেট এলাকায় কয়েক শ যাত্রীকে গণপরিবহনের জন্য অপেক্ষায় থাকতে দেখা যায়। যানবাহন না পেয়ে, বিশেষ করে পোশাকশ্রমিকেরা হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। তবে সকাল ১০টা থেকে শহরের মূল সড়কে কিছু যাত্রীবাহী বাস, হিউম্যান হলার ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা যায়।
ধর্মঘট প্রসঙ্গে ফেডারেশনের পূর্বাঞ্চল শাখার সভাপতি মৃণাল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এটি আমাদের ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি। এরপর আমরা প্রশাসনকে দাবি পূরণে মাস দুয়েক সময় দিয়ে পরবর্তী আন্দোলনের ঘোষণা দেব।’
ফেডারেশনের পাঁচ দফা দাবি হলো—চট্টগ্রামে বিভিন্ন পরিবহনের জন্য আলাদা টার্মিনাল তৈরি, অবৈধ গাড়ি উচ্ছেদ ও যানজট নিরসন, পরিবহনশ্রমিকদের নিয়োগপত্র প্রদান, পুলিশি হয়রানি বন্ধ এবং দুর্ঘটনার ক্ষেত্রে পরিবহনশ্রমিকদের এককভাবে দোষী না করে সমন্বিত ব্যবস্থা নেওয়া।
মালিক সমিতির সম্পৃক্ততা নেই: চলমান এই ধর্মঘটের সঙ্গে বাস মালিক সমিতির কোনো সম্পর্ক নেই বলে জানা গেছে। এ ব্যাপারে আন্তজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কার্যকরী সভাপতি কফিল উদ্দিন প্রথম আলো কে বলেন, ‘এ ধর্মঘটের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। যাত্রীদের অনাকাঙ্ক্ষিত ভোগান্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বলেন, ‘আমরা সার্বিকভাবে এ আন্দোলনের বিরোধিতা বা সমর্থন করি না। কারণ আমাদের পরিবহন মালিকদের একটি জোট আছে। আমরা আমাদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে শিগগিরই আন্দোলনের ঘোষণা দেব।’
পোশাকশ্রমিকদের অপেক্ষা: সকাল সাড়ে সাতটার দিকে নগরের দেওয়ানহাট থেকে বাদামতলী মোড় পর্যন্ত এলাকায় রাস্তার দুই ধারে বিপুলসংখ্যক পোশাকশ্রমিককে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। বাস না পেয়ে কেউ কেউ হেঁটেই রওনা দেন। এই পোশাকশ্রমিকদের বেশির ভাগই চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (সিইপিজেড) এলাকার বিভিন্ন কারখানায় কাজ করেন।
ষোলশহর ২ নম্বর এলাকা থেকে হেঁটে বাদামতলী মোড়ে আসেন শাহনাজ বেগম। ইপিজেডের একটি কারখানার এই কর্মচারী বলেন, ‘সময়মতো অফিসে পৌঁছাতে হবে। তাই কোনো গাড়ি না পেয়ে হাঁটতে শুরু করেছি।’
অফিসমুখী যাত্রীদের দুর্ভোগ: মুরাদপুর, লালখানবাজার, চৌমুহনী, অলংকার মোড় প্রভৃতি এলাকায়ও সকাল থেকেই গাড়ির জন্য অপেক্ষায় ছিলেন অফিসমুখী যাত্রীরা।
সিএনজিচালিত অটোরিকশায় ভাগাভাগি করে অলংকার মোড় থেকে বাদামতলী মোড় আসেন আবদুর রহমান। তিনি বলেন, ‘আমার অফিস আগ্রাবাদ বনানী কমপ্লেক্সের কাছে। বাকি পথটা হেঁটেই যাব। কারণ এখানে কোনো রিকশাও পাচ্ছি না।’
ভোগান্তিতে পরীক্ষার্থীরা: ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়ে জেএসসি পরীক্ষার্থীরা। সকাল আটটা থেকেই বিভিন্ন সড়কের মোড়ে যানবাহনের জন্য তাদের অপেক্ষায় থাকতে দেখা যায়। সকাল নয়টার দিকে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন আশকারাবাদ এলাকায় পরীক্ষার্থীদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশা চলাচলে বাধা দেন কিছুসংখ্যক পিকেটার। সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে দেওয়া হলে ওই শিক্ষার্থীরা রিকশায় করে জামালখান পরীক্ষাকেন্দ্রে রওনা হন। এ ব্যাপারে শিক্ষার্থীদের অভিভাবকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
বাস টার্মিনাল ফাঁকা: সকালে অক্সিজেন, বহদ্দারহাট ও অলংকার মোড়ে গিয়ে দেখা যায়, সেখানকার বাস টার্মিনালগুলো প্রায় ফাঁকা। যানবাহন না পেয়ে অনেক যাত্রীই ফিরে গেছেন।
সকাল সাড়ে ১০টার দিকে বহদ্দারহাট বাস টার্মিনালে কথা হয় বান্দরবান যেতে ইচ্ছুক যাত্রী ফারুক হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘ধর্মঘটের কথা জানতাম না। এখানে এসে জানলাম। আজ আর গন্তব্যে যাওয়া যাবে না।’