চট্টগ্রামে পরিবহন ব্যবস্থায় আবার নৈরাজ্যকর পরিস্থিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে পরিবহনব্যবস্থায় আবার নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ জন্য নগরবাসী গতকাল বুধবার থেকে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়াকে দুষছেন।
নগরবাসীর অভিযোগ, ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়ায় গতকাল থেকে আবার প্যাডেলচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া দেড় থেকে দুই গুণ বেড়ে গেছে। বৃষ্টির মধ্যে অনেকে ছোট যান পাননি। ফলে দুর্ভোগের শিকার হন তাঁরা।
এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ হওয়ায় নগরবাসী দুর্ভোগে পড়েছেন। ছোট গাড়ির ভাড়াও বেড়েছে। কিন্তু বেশি ভাড়া দিয়েও অনেকে গাড়ি পাচ্ছেন না। আমি ঢাকা থেকে এসে বিষয়টি নিয়ে একটি সিদ্ধান্তে আসব, যাতে নগরবাসীর দুর্ভোগ দূর হয়।’
আগ্রাবাদের একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘কাতালগঞ্জ থেকে ৮০ টাকা ভাড়া দিয়ে সিএনজিচালিত অটোরিকশা করে কর্মস্থল আগ্রাবাদে যেতাম। সেই ভাড়া এক লাফে ১৩০ টাকা উঠে গেছে। ৫০ টাকা বাড়তি ভাড়া দিয়েছি। কর্মস্থলে যাতায়াতে আমার ১০০ টাকা ভাড়া বেড়ে গেছে।’
একই অভিযোগ করলেন লালখান বাজারের সাহাব উদ্দিন। তিনি বলেন, ‘২৫ টাকার রিকশাভাড়া ৪০ টাকা হয়ে গেছে। কারণ রাস্তায় প্যাডেলচালিত একটি রিকশা এলে পাঁচ-ছয়জন ঘিরে ধরে। ভাড়া কত সেদিকে না চিন্তা করে বৃষ্টির মধ্যে গন্তব্যে যাওয়ার প্রতিযোগিতা থাকে।’
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আদালতের নির্দেশে বন্ধ এবং চালু হয়। আমরা কেবল আদালতের আদেশ প্রয়োগ করছি।’
প্রসঙ্গত, পাহাড়ি জনপদ চট্টগ্রামের রাস্তা উঁচু-নিচু বলে ব্যাটারিচালিত রিকশা চালু হয় বছর চারেক আগে। নগরে প্রায় ৭০ হাজার ব্যাটারিচালিত রিকশা চলাচল করছিল বলে সংশ্লিষ্ট সংগঠনের নেতারা জানিয়েছেন। এতে নগরে সিএনজিচালিত অটোরিকশার চাহিদা কমে আসে। অন্যদিকে ব্যাটারিচালিত রিকশা জনপ্রিয় হয়ে ওঠে। তাই সিএনজিচালিত পুরোনো অটোরিকশার মালিক ও শ্রমিক সংগঠন ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নামে। তারা উচ্চ আদালতে আইনি যুদ্ধও চালিয়ে যাচ্ছে। এক বছর ধরে উচ্চ আদালতে এ-সংক্রান্ত পাল্টাপাল্টি একাধিক রিট মামলা হয়। ফলে একবার বন্ধের আদেশ হলে আবার চালুর অনুমতি মেলে।