টানা হরতালে পণ্যবাহী পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। হরতালের পর মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করেছে। এতে চট্টগ্রামে পরিবহন-সংকট দেখা দিয়েছে। আর এ সুযোগে পরিবহনের মালিক ও চালকেরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন। ফলে চাল ও শাকসবজির দামও বেড়েছে।আন্তজেলা মালামাল পরিবহন ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সহসভাপতি মোহাম্মদ আবু মোজাফ্ফর প্রথম আলোকে বলেন, ‘হরতালের সময়ে বিভিন্ন জায়গায় পণ্যবাহী পরিবহন পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া হরতালের পরে রাস্তায় যানজট দেখা দেওয়ায় সেগুলোও ঠিকমতো গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে। এখন একদিনের জায়গায় ট্রাক পৌঁছাতে দুই থেকে আড়াই দিন সময় লাগছে। এ কারণে চালকেরাও বেশি ভাড়া দাবি করছেন।’ নগরের কদমতলী এলাকায় পরিবহন ব্যবসায়ীদের দপ্তরগুলো অবস্থিত। পরিবহন মালিক-চালক, বন্দোবস্তকারী ও সরবরাহকারীরা যেখানে ভাড়া নিয়ে দরদাম করেন। গতকাল কদমতলী এলাকায় গিয়ে দেখা যায়, ট্রাকের জন্য অপেক্ষায় রয়েছেন বিভিন্ন পরিবহন ব্যবসায়ীরা। পর্যাপ্ত ট্রাক না থাকায় মালিক ও চালকেরা ভাড়া বাড়িয়ে দেন। এ নিয়ে দর-কষাকষি চলছিল ব্যবসায়ীদের মধ্যে।কদমতলীর পরিবহন বন্দোবস্তকারী নাহিদ মুন্না বলেন, ‘আমরা স্বাভাবিক সময়ে যে গাড়ির (ট্রাক) ভাড়া ১১ থেকে ১২ হাজার টাকায় নির্ধারণ করে দিই, এখন গাড়ির মালিক ও চালক পক্ষ সেই ভাড়া দাবি করছেন ২০ থেকে ২২ হাজার টাকা করে। আমাদের কাছ থেকে সেই দামে গাড়ি নিতে রাজি হচ্ছেন না পরিবহন ঠিকাদারেরা। ফলে আমরা বিপাকে পড়েছি।’চট্টগ্রামের পণ্য পরিবহন ঠিকাদার আমীর পারভেজ প্রথম আলোকে বলেন, ‘আমরা বিভিন্ন গাড়ির ধারণক্ষমতা অনুযায়ী একটি নির্দিষ্ট অঙ্কের ভাড়ার চুক্তিতে এগুলো পার্টিকে (পণ্য পরিবহনকারী ব্যবসায়ী) সরবরাহ করে থাকি। কিন্তু ভাড়া বাড়লেও সেই হিসাবে তাঁরা কেউ-ই গাড়ি নিতে রাজি হচ্ছেন না। এ অবস্থায় লোকসানে গাড়ি সরবরাহ করা ছাড়া কোনো উপায় নেই।’এদিকে পণ্য পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় চাল ও সবজির বাজারে এর প্রভাব পড়েছে। পাহাড়তলী চালের আড়তের ব্যবসায়ী শামসুল আলম জানান, গাড়ি ভাড়া বেড়ে যাওয়ায় প্রতি বস্তায় ১৫০ থেকে ২০০ টাকা করে বেড়েছে চালের দাম।