চট্টগ্রামে পরিবহনব্যবস্থায় আবার নৈরাজ্যকর অবস্থা
বিকল্প ব্যবস্থা না রেখেই ব্যাটারিচালিত প্রায় ৭০ হাজার রিকশা চলাচল বন্ধ করে দেওয়ায় চট্টগ্রাম নগর পরিবহন ব্যবস্থায় নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অস্বাভাবিক বেড়ে গেছে গাড়িভাড়া। ফলে মধ্যবিত্ত শ্রেণির মানুষের এখন ত্রাহি দশা। নৈরাজ্য ঠেকাতে আগামী সপ্তাহে চট্টগ্রামে সভা ডেকেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রশাসন সূত্র জানায়, গত সোমবার থেকে চট্টগ্রাম নগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেয় পুলিশ। ব্যাটারিচালিত রিকশামালিক ফেডারেশন উচ্চ আদালত থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন আদেশ এনে চট্টগ্রামে যাত্রী পরিবহন করে আসছিল। গত রোববার আদেশের মেয়াদ শেষ হওয়ার পরদিনই সোমবার থেকে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করে নগর পুলিশ। অভিযানের কারণে নগর থেকে একসঙ্গে ৭০ হাজার রিকশা উধাও হয়ে যায়। ছয় মাস আগেও নগরে একই পরিস্থিতির উদ্ভব হয়েছিল।
নগর ঘুরে দেখা গেছে, ব্যাটারিচালিত রিকশা উধাও হওয়ার সুযোগ নিয়েছে সিএনজিচালিত অটোরিকশা ও প্যাডেলচালিত রিকশার চালকেরা। নিজেদের ইচ্ছামতো ভাড়া নিচ্ছেন চালকেরা। এতে স্কুল ও কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও কর্মজীবী লোকজন পড়েছেন চরম বিপাকে। প্যাডেলচালিত একটি রিকশা এলে একসঙ্গে ছয়-সাতজন যাত্রী সেটিকে ঘিরে ধরেন। তখন নির্দিষ্ট ভাড়ার তিন থেকে চারগুণ বেশি হাঁকেন চালক।
সাধারণ যাত্রীদের অভিযোগ, সিএনজিচালিত অটোরিকশার মিটার ঠিক না করে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া ঠিক হয়নি।
গতকাল বেলা পৌনে ১২টায় ওয়াসা থেকে চার কিলোমিটার দূরে আগ্রাবাদে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশা চালকের সঙ্গে দরকষাকষি করছিলেন ব্যবসায়ী আবুল হাসান। তাঁর কাছে ভাড়া হাঁকা হয় ১২০ টাকা। আবুল হাসান বলেন, ‘দরকষাকষি করে ১০০ টাকায় আগ্রাবাদের দিকে যাত্রা করি। অথচ মিটারে সেই ভাড়া ৪০-৪৫ টাকার বেশি হওয়ার কথা না।’
পরিবহন ব্যবস্থায় নৈরাজ্যকর পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘সাধারণ যাত্রীদের জিম্মি হতে দেওয়া যাবে না। আমি ২৯ তারিখে চট্টগ্রামে যাচ্ছি। ২৯ বা ৩০ মার্চ সংশ্লিষ্ট সবার সঙ্গে বসেই সরকারের নির্ধারিত ভাড়া কার্যকরের পদক্ষেপ নেব।’
বিআরটিএ সূত্র জানায়, চট্টগ্রামে ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন আছে। আয়ুষ্কাল ফুরিয়ে আসায় পুরোনো ৫ থেকে ৬ হাজার অটোরিকশা রাস্তায় নেই। কিন্তু প্রায় ৩ হাজার নতুন অটোরিকশা রাস্তায় নেমেছে, যেগুলোর নিবন্ধন নেই। নতুন ও পুরোনো মিলিয়ে ১০ হাজারের মতো অটোরিকশা চট্টগ্রামে যাত্রী পরিবহন করে, যা ৬০ লাখ মানুষ অধ্যুষিত নগরের জন্য পর্যাপ্ত নয়।
চট্টগ্রাম সিটি ব্যাটারিচালিত রিকশামালিক ফেডারেশনের সভাপতি সালামত উল্লাহ বলেন, ‘পুলিশ প্রশাসন সিএনজিচালিত অটোরিকশা মালিক-চালকদের স্বার্থ দেখছে। আর কিছু ভাবছে না।’
এ প্রসঙ্গে অতিরিক্তি পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান বলেন, ‘আমরা উচ্চ আদালতের দেওয়া মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরই ব্যাটারিচালিত রিকশা সরিয়ে দিয়েছি।’