চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের ডাকা আজকের ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবি পূরণের আশ্বাস পেয়ে এবং এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আজ সোমবার বৃহত্তর চট্টগ্রামে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক শাখা। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে শ্রমিক ফেডারেশনের নেতাদের বৈঠকের পর ধর্মঘট স্থগিত করার কথা জানান ফেডারেশনের নেতারা।

চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘সোমবারের এইচএসসি পরীক্ষা এবং আমাদের দাবি পূরণে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করেছি।’

গত শুক্রবার বৃহত্তর চট্টগ্রামে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছিল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক শাখা। তারা উচ্চ আদালতের আদেশ মেনে নিবন্ধনহীন অটোরিকশা চালানোসহ ছয় দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছিল।

এদিকে গতকাল দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাখ্যান করে গাড়ি চালানোর ঘোষণা দেয়। চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গ্রুপের নেতারা। শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক শাখার কয়েকজন নেতাকে ‘জামায়াতের দোসর’ হিসেবেও উল্লেখ করেন তাঁরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মেট্রোপলিটন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন।

গতকাল মালিক গ্রুপের সংবাদ সম্মেলনে বলা হয়, অনিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশা চালানোর জন্য বাস, ট্রাক, টেম্পো, হিউম্যান হলারের মতো যানবাহন ধর্মঘটের আওতায় কেন থাকবে? আর মালিকদের কী অপরাধ? এই নগরের ৬০ লাখ নগরবাসীকে কেন জিম্মি করা হবে? ধর্মঘট প্রত্যাখ্যান করে প্রত্যেক মালিক গাড়ি রাস্তায় নামানোর পক্ষে। বৃহত্তর চট্টগ্রামে ধর্মঘট প্রত্যাখ্যান করে সোমবার সব ধরনের যান চলাচল করবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, যদি চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ অন্যদের দাবির মুখে নিবন্ধনহীন অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়, তাহলে ১৯ মে বৈধ যানবাহন বন্ধ রেখে মালিক গ্রুপও ধর্মঘট করতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মালিক গ্রুপের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন এবং এস কে সিকদার, জিয়াউদ্দিন প্রমুখ।

মালিক গ্রুপের সংবাদ সম্মেলনের বিষয়ে গতকাল বিকেলে হারুনুর রশিদ বলেছিলেন, উচ্চ আদালতের আদেশ মানার জন্য তাঁরা এ ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেছেন (রাতে প্রত্যাহার করেছেন)। এর সঙ্গে শ্রমিকদের রুটি-রুজির ব্যাপার জড়িত। এখানে জামায়াত বা অন্য রাজনৈতিক দলের প্রসঙ্গ আসবে কেন?