চট্টগ্রামে পরিবহনে নৈরাজ্য থামানোর নির্দেশ মন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর এলাকায় পরিবহনব্যবস্থায় নৈরাজ্যকর পরিস্থিতি দূর করতে পরিবহনমালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমাধানের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সোমবার দুপুর সোয়া ১২টায় পরিবহনমালিক-শ্রমিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে মন্ত্রী এ নির্দেশ দেন।
পরিবহনব্যবস্থায় নৈরাজ্যকর পরিস্থিতির কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘চট্টগ্রামে ফ্রি স্টাইলে গাড়ি চলছে। এ নগরের যেন কোনো অভিভাবক নেই। ফুটপাত দখল, রাস্তার আইল্যান্ড দখল করে বিলবোর্ড স্থাপন করে হাঁটাচলার পথ বন্ধ করা হয়েছে। এ নগরের সৌন্দর্যহানি ঘটেছে। এতে কোনো বিদেশি এসে নগরের শ্রীহীন চেহারা দেখে চলে যাবেন। তখন বিনিয়োগ না হলে অর্থনীতিতে গতি সঞ্চার হবে না।’
মন্ত্রী সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকনেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘২০ টাকার ভাড়া ৬০ টাকা নেওয়া হচ্ছে। এতে সাধারণ নাগরিকদের কষ্ট বাড়ছে। নাগরিকদের স্বার্থের কথা আমাদের বিবেচনা করতে হবে।’ মন্ত্রী তখন জেলা প্রশাসককে নির্দেশ দিয়ে বলেন, ‘আপনি সিএনজি অটোরিকশার ভাড়ার বিষয়টি ঠিক করতে আগামী সপ্তাহের মধ্যে পরিবহনমালিক ও শ্রমিকদের সঙ্গে বসবেন। আমরা দ্রুত এর সুরাহা চাই, যাতে নগরবাসীর কষ্ট না হয়।’
নগরে নতুন বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণের বিষয়টি খতিয়ে দেখতে জেলা প্রশাসককে নির্দেশ দেন মন্ত্রী।
সভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, বান্দরবান থেকে কেরানীহাট পর্যন্ত দ্রুত আসা যায়। কেরানীহাট থেকে কর্ণফুলী সেতু পর্যন্ত গাড়ি ধীরগতিতে চলে। আর কর্ণফুলী শাহ আমানত সেতুর উভয় দিকে অঘোষিত টার্মিনাল হয়ে গেছে। এ কারণে শহরে প্রবেশ কিংবা বের হতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। সেতু এলাকা থেকে অবৈধ টার্মিনাল সরিয়ে নিতে হবে।’
গতকালের বৈঠকে প্রতিমন্ত্রী বীর বাহাদুর, সাংসদ এম এ লতিফ ও শামসুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান, জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার এবং পরিবহনমালিক ও শ্রমিক সংগঠনের অর্ধশত নেতা উপস্থিত ছিলেন।