চট্টগ্রামে পরিবেশ ছাড়পত্রহীন একটি ইটভাটা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার লতিফপুরে উপকূলীয় সবুজ বেষ্টনী ঘেঁষে গড়ে ওঠা মেসার্স কে এম এল ব্রিকস নামের একটি ইটভাটা গতকাল বৃহস্পতিবার উচ্ছেদ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট দল পরিবেশ ছাড়পত্রহীন এই ভাটা উচ্ছেদ করে।এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. মুনীর চৌধুরী। অভিযানকালে ওই ভাটা থেকে দুটি ট্রাক, দুটি এক্সাভেটর মেশিন ও তৈরি প্রায় পাঁচ লাখ ইট জব্দ করা হয়। এ ছাড়া সার্বিক পরিবেশগত ও প্রতিবেশগত ক্ষতিসাধনের কারণে ইটভাটার মালিককে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দেওয়া হয়।অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ ছাড়পত্র ছাড়াই প্রায় ১০ বছর ধরে বেআইনিভাবে ওই ইটভাটা পরিচালিত হচ্ছিল। উপকূল ঘেঁষে বন বিভাগের তৈরি উপকূলীয় বনের ১০০ গজ দূরত্বের মধ্যে স্থাপিত এ ইটভাটা এলাকার পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতি সাধন করছিল। অধিদপ্তর এর আগে ইটভাটাটি অপসারণের জন্য মালিককে নির্দেশও দেয়। তা না মানায় গতকাল উচ্ছেদ অভিযান চালানো হয়। চার ঘণ্টার অভিযানে ১২০ ফুট উচ্চতার চিমনি, ভাটার চুল্লি এবং অন্যান্য উপকরণ ধ্বংস করা হয়। অভিযানে দেড় প্লাটুন পুলিশ সহায়তা করে।সূত্র জানায়, ওই ইটভাটা থেকে জব্দ করা পাঁচ লাখ তৈরি ইটের মধ্যে প্রায় ৩০ হাজার ইট ১৬টি ট্রাকে করে সীতাকুণ্ড বন বিভাগের জিম্মায় রাখা হয়েছে।অভিযানে নেতৃত্ব দেওয়া মো. মুনীর চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন ধরে ইটভাটাটি পরিবেশ দূষণ করে আসছে। ইটভাটা এলাকায় যাতে বঙ্গোপসাগরের জোয়ারের পানি না ঢোকে, সে জন্য তারা বাঁধও দিয়েছে। পরিবেশ আইনে এটা অপরাধ। পাশাপাশি তারা বাঁধের নিচের অংশের মাটি দিয়ে ইট বানাত। তাই ইটভাটাটি ভেঙে দেওয়া হয়েছে। এই ইটভাটার পাশে একই প্রতিষ্ঠানের আরও একটি ইটভাটা রয়েছে। পর্যায়ক্রমে সেটাও ভেঙে দেওয়া হবে।’পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, একই এলাকার কে বি এম এবং রাজা ব্রিকস নামের দুটি ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের করা মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে।