চট্টগ্রামে পরিবেশ দিবসে শোভাযাত্রা ও সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বন্য প্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’—এই স্লোগানে গতকাল রোববার চট্টগ্রামে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর। সভায় বক্তারা পরিবেশ ও বন্য প্রাণী রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

নগরের হল টোয়েন্টি ফোরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন বন্য প্রাণী বিভাগের বিভাগীয় বন সংরক্ষক এস এম গোলাম মওলা। বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক রায়হান সরকার, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন বলেন, বিশ্বব্যাপী বন্য প্রাণী বিলুপ্তির অন্যতম কারণ হলো বেআইনি প্রাণী শিকার, বিপণন ও পাচার। পরিবেশ রক্ষায় বন্য প্রাণী শিকার ও ব্যবসা বন্ধ করতে হবে। তা না হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। হুমকির মুখে পড়বে মানুষ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে আন্তরিকভাবে কাজ করার জন্য অনুরোধ জানান তিনি।

সভায় অন্য বক্তারা বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে হলে পরিবেশ রক্ষা করতে হবে। বন্ধ করতে হবে বন্য প্রাণীর অবৈধ শিকার।

এর আগে গতকাল সকাল নয়টায় নগরের ডিসি হিল থেকে পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়।