চট্টগ্রামে পরিবেশ ধ্বংসকারীদের শাস্তি দাবি

পাহাড় কাটা, গাছ কাটা, জলাশয় ভরাটসহ পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রামের নাগরিক সমাজের প্রতিনিধিরা। এসব কর্মকাণ্ড রোধে একটি কঠোর আইন প্রণয়নেরও দাবি জানান তাঁরা।
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ফাইট ফর উইম্যান রাইটসের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব মতামত ও দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ না থাকায় কিংবা আইন যথেষ্ট শক্তিশালী না হওয়ায় পরিবেশ ধ্বংসকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। প্রশাসনের চোখের সামনে চট্টগ্রামসহ সারা দেশে নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে। একের পর এক জলাশয় ভরাট করা হচ্ছে। গাছশূন্য করা হচ্ছে শহর। তাদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণে সবুজ-শ্যামল জনপদ মরুভূমিতে পরিণত হচ্ছে।
বক্তারা বলেন, পরিবেশ ধ্বংসকারী দস্যুদের দৌরাত্ম্য প্রতিরোধে আমাদের এখন নতুন আইন প্রয়োজন। কঠোর আইন করে পরিবেশ ধ্বংসকারীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। ফাইট ফর উইম্যান রাইটসের সভাপতি রেহেনা বেগমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন শহীদ জায়া বেগম মুশতারী শফী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. গাজী সালেহউদ্দিন, নাট্যজন জাহাঙ্গীর কবির, কবি ও সাংবাদিক কামরুল হাসান, পরিবেশ কর্মী শরীফ চৌহান, শিক্ষিকা সালমা জাহান মিলি প্রমুখ।