চট্টগ্রামে পরিবেশবান্ধব অর্থনীতি গড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমান বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পেয়েছে। এ জন্য টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অর্থনীতির ভূমিকা অপরিহার্য। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। জাতিসংঘ তথ্য কেন্দ্র (ইউনিক) ও ইপসার যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মু. সিকান্দর খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপির টেকসই উন্নয়নের পরামর্শক আমিনুল ইসলাম। আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক আল আমীন। প্রবন্ধে চট্টগ্রাম, টেকনাফ এবং সেন্ট মার্টিন এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতিসংঘের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং ভূমিকার কথা উল্লেখ করা হয়। সভায় বক্তারা টেকসই উন্নয়নের জন্য পরিবেশবান্ধব অর্থনীতির আহ্বান জানান। এ জন্য ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠেয় ধরিত্রী সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর পরিবেশজনিত সমস্যাসমূহ উপস্থাপন করতে হবে বলে মত দেন বক্তারা।