উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছে নগরের বিভিন্ন কলেজের বিজ্ঞান বিভাগের শ-খানেক পরিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই মানববন্ধন করা হয়।মানববন্ধনে অংশ নেওয়া পরিক্ষার্থীরা বলেছে, অন্যান্য বছর প্রতি পরীক্ষার আগে এক থেকে সাত দিন পর্যন্ত বন্ধ থাকত। এবারের প্রকাশিত এইচএসসি পরীক্ষার সময়সূচি অনুসারে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম ও গণিত দ্বিতীয় পত্রের আগে মাত্র এক দিন করে বন্ধ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ১ এপ্রিল থেকে ২০১২ সালের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।মানববন্ধনে চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহসীন কলেজ, সিটি কলেজ, বিএএফ শাহীন কলেজসহ নগরের কয়েকটি কলেজের শ-খানেক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার্থীরা গণিত দ্বিতীয় পত্রের আগে পাঁচ দিন ও অন্যান্য বিষয়ের আগে কমপক্ষে তিন দিন বন্ধ রেখে পরীক্ষার নতুন সময়সূচি প্রণয়নের দাবি জানায়।