চট্টগ্রামে পরেশ বড়ুয়াসহ একাধিক উলফা সদস্য

অস্ত্র খালাসের আগে চট্টগ্রামে এসে ঘাঁটি গাড়েন ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ একাধিক উলফা সদস্য। ছিলেন প্রধান অস্ত্র সংগ্রহকারী অ্যান্থনি শিমরে। তাঁদের অনেকে নাম পাল্টে ওঠেন চট্টগ্রাম নগরের হোটেল গোল্ডেন ইনে। কিন্তু বিপুল এই অস্ত্রের চালান আটক হওয়ায় কাউকে কিছু না বলে তাঁরা দ্রুত চট্টগ্রাম ত্যাগ করেন।
জামানই পরেশ বড়ুয়া: এই মামলার প্রধান আসামি হাফিজুর রহমান ওরফে হাফিজ আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, ২০০১ সালে নির্বাচনের আগে জামান নামের এক লোকের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তিনি জানতে পারেন, জামানই উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া। পরবর্তী সময়ে জামান তাঁকে জানান, প্রচুর মেশিনারিজ পার্টস আসবে। পরেশ বড়ুয়া তাঁকে ট্রলার ঠিক করার দায়িত্ব দেন এবং যে ঘাটে মাল নামবে, সেটিও ঠিক করতে বলেন। উলফা নেতা জানান, বাকি সব কাজ তাঁরা নিজেরাই করবেন। পরেশ বড়ুয়া তাঁকে এই বলে আশ্বস্ত করেন, চিন্তার কোনো কারণ নেই, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রধানেরা সব ব্যবস্থা করে রেখেছেন।
যে হোটেলে ছিলেন উলফার সদস্যরা: চট্টগ্রামের স্টেশন রোডের হোটেল গোল্ডেন ইনের রেজিস্টার পরীক্ষা করে দেখা গেছে, অস্ত্র খালাস শুরুর তিন দিন আগে ২০০৪ সালের ২৮ মার্চ ভোর পৌনে ছয়টায় হোটেলের ৩০৫ নম্বর কক্ষটি বরাদ্দ নেওয়া হয় আসিফ জামান নামের এক ব্যক্তির নামে। তাঁর ঠিকানা দেওয়া হয় ৯৭/৫ শেরেবাংলা রোড, মোহাম্মদপুর, ঢাকা। এই জামানই উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া। আর আসিফ আরেক উলফা নেতার ছদ্মনাম বলে ধারণা করা হয়। জেনস ইন্টেলিজেন্স রিভিউর ২০০৪ সালের ১ আগস্ট সংখ্যায় অ্যান্থনি ডেভিসও লিখেছেন, অস্ত্র খালাসের ঘটনার সময় পরেশ বড়ুয়ার সঙ্গে প্রধান অস্ত্র সংগ্রহকারী ও নাগা বিদ্রোহী নেতা অ্যান্থনি শিমরেও চট্টগ্রামে ছিলেন। শিমরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় স্থায়ীভাবে থাকলেও ওই সময় ব্যাংকক হয়ে চট্টগ্রামে আসেন। আসিফ, জামান, আবুল হোসেন, শহিদুল ইসলামসহ যেসব ব্যক্তি অস্ত্র খালাসের ঘটনার সঙ্গে জড়িত বলে নানাভাবে এসেছে, তাঁদের প্রত্যেকের নামে হোটেল গোল্ডেন ইনের কক্ষ ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। ২০০৪ সালের ২৮ থেকে ৩০ মার্চের মধ্যে এসব ব্যক্তির নামে বিভিন্ন কক্ষ ভাড়া নেওয়া হয়। ২ মার্চ ভোরে অস্ত্র আটকের পর থেকে তাঁরা আর হোটেলে ফিরে যাননি বলে জানা গেছে।

হোটেলে আরও যাঁরা ছিলেন: হোটেল গোল্ডেন ইনের ৩১৭ নম্বর কক্ষটি ২০০৪ সালের ২৮ মার্চ ভোর পৌনে ছয়টায় বরাদ্দ নেওয়া হয় শহিদুল ইসলাম নামের আরেক ব্যক্তির নামে। এই শহিদুলের ঠিকানাও দেখানো হয়েছে ৯৭/৫ শেরেবাংলা রোড, মোহাম্মদপুর, ঢাকা। অর্থাত্ জামান ও শহিদুলের ঠিকানা একই। ওই সময় ঢাকার মোহাম্মদপুরের ৯৭/৫ শেরেবাংলা রোডে সরেজমিন ঘুরে দেখা গেছে, ওই ঠিকানায় একটি ছয়তলা ভবন আছে। তবে এই ভবনের কোনো তলায় আসিফ জামান নামের কোনো ভাড়াটিয়া আগেও ছিলেন না, এখনো নেই বলে বাড়ির মালিক আবদুল খালেক তখন জানিয়েছিলেন।
২০০৪ সালের ২৮ মার্চ ভোররাতে হোটেল গোল্ডেন ইনের বিভিন্ন কক্ষে আরও চার যুবক অবস্থান নেন, যাঁদের মধ্যে নাম দেখানো হয়েছে ফরহাদ আহমেদ (গুলশান, ঢাকা, কক্ষ নম্বর-৩১৪), এম রহমান (১২/১০ ইসলামপুর, ঢাকা, কক্ষ নম্বর-২০৭), সফিকুর রহমান (৪৫৯/২ দক্ষিণ কাফরুল, ঢাকা, কক্ষ নম্বর-৪০৫) এবং আনিসুর রহমান (৪৫৯/২ দক্ষিণ কাফরুল, ঢাকা, কক্ষ নম্বর-৫০৫)।
২০০৪ সালের ২৭ মার্চ এক দিনেই ২০ জন ভারতীয় নাগরিকের জন্য হোটেল গোল্ডেন ইনের ১০টি কক্ষ ভাড়া করা হয়। তাঁরা সেখানে অবস্থানও করেন। তাঁদের বেশির ভাগেরই ঠিকানা দেখানো হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাবড়ার বাবুপাড়ায়। অস্ত্র আটকের দিন থেকে তাঁদের আর ওই কক্ষে পাওয়া যায়নি।
প্রথম আলোর অনুসন্ধানে আরও জানা গেছে, হোটেল গোল্ডেন ইনের যে রেজিস্টারে অস্ত্র খালাসের সঙ্গে জড়িত লোকজনের নামে-বেনামে কক্ষ বরাদ্দ নেওয়ার বিষয় লিপিবদ্ধ ছিল, সে রেজিস্টারটি উধাও হয়ে গেছে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এত দিনের পুরোনো রেজিস্টার তাদের কাছে নেই। দু-তিন বছর পর তারা বাতিল কাগজের সঙ্গে বিক্রি করে দিয়েছে। তবে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রমতে, অস্ত্র আটক ঘটনার ছয়-সাত মাস পর একটি গোয়েন্দা সংস্থার লোকজন ওই রেজিস্টার জব্দ করে নিয়ে গেছেন। হোটেল কর্তৃপক্ষ অবশ্য এটা স্বীকার করেনি।
হাফিজ সবকিছুই জানেন: প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে জানা গেছে, অবৈধ অস্ত্র চালান আমদানির পুরো বিষয় হাফিজুর রহমান ওরফে হাফিজের জানা ছিল। সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সে সময়ের প্রধান এ কে এম কবির উদ্দীন ও পরিদর্শক মো. শাহ আলম অস্ত্র আটকের ব্যাপারে ২০০৪ সালের এপ্রিলের শেষ সপ্তাহে সিআইডির সদর দপ্তরে যে পর্যালোচনা প্রতিবেদন পাঠান, তাতে বলা হয়, ‘পাকিস্তানের আইএসআই কানেকটেড আন্তর্জাতিক চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে আসামি হাফিজুর রহমানের সম্পর্ক আছে বলে প্রতীয়মান হয়।’
ওই প্রতিবেদনের অন্য একটি অংশে বলা হয়, অস্ত্র-গোলাবারুদ আটক ঘটনার ছয় মাস আগে ঢাকার হোটেল সুন্দরবনে এক পাকিস্তানির সঙ্গে তাঁর হোটেলকক্ষে হাফিজ সাক্ষাত্ করেন বলে জানা যায়। এরপর হাফিজুর রহমান পাকিস্তান, চীন, রেঙ্গুন (মিয়ানমার), ব্যাংকক (থাইল্যান্ড) গেছেন বলে তাঁর পরিচিতজনেরা সিআইডিকে জানিয়েছেন।
- (অনুসন্ধানী এই প্রতিবেদনটি ২০০৯ সালের ৫ মার্চ ‘প্রথম আলো’য় প্রকাশিত হয়েছিল। পাঠকদের আগ্রহের কথা বিবেচনা করে কিছু পরিমার্জন করে প্রতিবেদনটি আবার প্রকাশ করা হলো)