চট্টগ্রামে পলিটেকনিকের ছাত্রসহ দুজনের মৃত্যুর ঘটনায় পৃথক মামলা
বাসের ধাক্কায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রসহ দুজন নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। নগরের বায়েজিদ থানায় অপমৃত্যু এবং পাঁচলাইশ থানায় গাড়ি পোড়ানো ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়। পুড়িয়ে দেওয়া গাড়ির মালিক শহীদুল ইসলাম বাদী হয়ে গতকাল সোমবার বিকেলে পাঁচলাইশ থানায় মামলা করেন। আর মৃত্যুর ঘটনায় বায়েজিদ থানায় গত রোববার রাতে মামলা করেন উপপুলিশ পরিদর্শক (এসআই) মজিবুর রহমান।পাঁচলাইশ থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই আবু সৈয়দ বলেন, গত রোববার আটক চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের চারজন ছাত্রকে গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হলেন তারেকুর রহমান (২০), ইমরান হোসেন (১৮), মুন বড়ুয়া (১৮) ও রায়হানুল আলম (১৭)। গতকাল সোমবার তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, নিহত দুই তরুণের পরিবার সমঝোতা বৈঠকে বসার ইঙ্গিত দিয়েছে।