চট্টগ্রামে পশু জবাইয়ের জন্য স্থান নির্ধারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরবানির পশু জবাইয়ের জন্য নগরে ২৭০টি স্থান নির্ধারণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। আর ঈদের দিনই জবাই করা পশুর বর্জ্য অপসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, প্রথমবারের মতো পশু জবাইয়ের স্থান নির্ধারণ করা হয়েছে। তাই নির্ধারিত স্থানে পশু জবাইয়ের জন্য কাউকে বাধ্য করা হবে না। তবে নির্ধারিত স্থানে পশু জবাই করার জন্য নগরবাসীকে উদ্বুদ্ধ করা হচ্ছে।
এদিকে গত সোমবার সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এক দিনের মধ্যে পশুর বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছেন। কম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা ওয়ার্ডগুলোকে পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি।