চট্টগ্রামে পশুখাদ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি
চট্টগ্রামের বাজারে পশুখাদ্যের দাম হঠাৎ করে বেড়ে গেছে। ৩৫ কেজি ওজনের প্রতি বস্তা ভুসির দাম এখন ৯৫০ টাকা, যা এক মাস আগেও ছিল ৬০০ টাকা। একই ভাবে সয়াবিনের দাম প্রতি কেজি ৩০ টাকা থেকে ৭৮ টাকায় উন্নীত হয়েছে। ৫০ কেজি ওজনের প্রতি বস্তা মুগ পাউডারের দাম ৫৭৫ টাকা থেকে উঠেছে এক হাজার ৩০০ টাকায়। ৪০ কেজি মসুর ভুসির দাম ৩৭৫ টাকা থেকে বেড়ে ৭০০ টাকায় দাঁড়িয়েছে।খামারিদের অভিযোগ, গত এক বছরে পশুখাদ্যের দাম কয়েক দফা বাড়লেও প্রতি কেজিতে দুধের দাম বেড়েছে মাত্র দুই টাকা। গত বছর যে দুধের পাইকারি দর ৩৮ টাকা ছিল, তা এ বছর দুই টাকা বেড়ে ৪০ টাকায় উন্নীত হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের ডেইরি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মালিক মো. ওমর বলেন, পশুখাদ্যের দাম যে হারে বেড়েছে তাতে প্রতি কেজি দুধের উৎপাদন খরচ বেড়েছে ছয় থেকে সাত টাকা। অথচ পশুখাদ্যের দাম কমানোর কোনো উদ্যোগ নেই।জানা গেছে, সবে মাত্র সয়াবিনের মৌসুম শেষ হয়েছে দেশে। এর পরও হঠাৎ করে প্রতি কেজি সয়াবিনের খৈলের দাম ৩০ টাকা থেকে ৭৭ টাকায় ওঠার কারণ খুঁজে পাচ্ছেন না খামারিরা। এর আগে খৈলের দাম সর্বোচ্চ ৪৫ থেকে ৪৭ টাকায় ওঠানামা করেছে। কিন্তু দ্বিগুণ দাম ওঠার ঘটনা কখনো ঘটেনি। পশ্চিম পটিয়া ডেইরি অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হারুণ চৌধুরী বলেন, সরকার ট্রাক্টর থেকে শুরু করে কৃষিকাজের প্রতিটি পণ্যে ভর্তুকি দেয়। অথচ ডেইরি শিল্পের কোনো খাতে এক টাকাও ভর্তুকি দেয় না।চট্টগ্রামের সবচেয়ে বেশি দুধের জোগানদাতা এলাকা পশ্চিম পটিয়া ডেইরি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন বলেন, অবিলম্বে সরকার পশুখাদ্যের দাম কমানোর উদ্যোগ না নিলে আমরা গরু নিয়ে রাস্তায় নেমে পড়ব। অবস্থান নেব চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে।তিনি বলেন, খামারিরা পথে নামতে বসেছে। তারই প্রতিবাদ হিসেবে দুধের গাভি নিয়ে যেকোনো দিন বসে পড়ব মহাসড়কে।