চট্টগ্রামে পশুর হাটগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিবিরহাট বাজার থেকে গরু কিনতে বাবা ও ভাইকে সঙ্গে নিয়ে এসেছেন মোহাম্মদ হুমায়ন কবির। গতকাল মঙ্গলবার বিকেলে তিনজন মিলে বাজারের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে ঘুরে গরু দেখছিলেন। প্রচণ্ড ভিড় ও অত্যধিক গরমেও উৎসাহের কমতি ছিল না তাঁদের। ব্যাপারীদের সঙ্গে দরে বনিবনা না হওয়ায় বিকেল পাঁচটা পর্যন্ত অবশ্য গরু কেনা হয়নি তাঁদের।
তবে এ নিয়ে খুব একটা আফসোস ছিল না হুমায়ন কবিরের। তিনি প্রথম আলোকে বলেন, ‘এবার বড় গরু কোরবানি দেওয়ার ইচ্ছা আছে। তাই বিবিরহাট বাজারে এসেছি। পছন্দ ও দরদাম মিললে আজকেই নিয়ে নেব। না হলে আরেক দিন আসতে হবে।’
চট্টগ্রাম নগরের পশুর হাটগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। তবে এখনো পুরোদমে জমেনি হাটগুলো। বাজারে আসা লোকজন ঘুরে ঘুরে কোরবানির পশুর দরদাম সম্পর্কে ধারণা নিচ্ছেন। শুক্রবারের দিকে বাজার জমজমাট হতে শুরু করবে বলে সংশ্লিষ্টদের ধারণা। চট্টগ্রাম নগরে এবার দুটি স্থায়ী ও ছয়টি অস্থায়ী পশুর হাট বসেছে। হাটগুলোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় গত শনিবার।
সরেজমিনে দেখা যায়, ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা প্রচুর পরিমাণ গরু নিয়ে হাজির হয়েছেন বাজারগুলোতে। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামের বাজারগুলোতে এবার দেশি গরুর প্রাধান্য। সবচেয়ে বেশি গরু এসেছে কুষ্টিয়া, নাটোর, যশোর, রংপুর ও টাঙ্গাইল থেকে। এ ছাড়া চট্টগ্রামের পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকে ব্যাপারীরা তাঁদের খামারের গরু নিয়ে এসেছেন।
কয়েকজন ব্যাপারী জানান, সীমান্ত এলাকায় কড়াকড়ির কারণে এখনো ভারতীয় গরু বাজারে আসেনি। তবে বাজারে এর প্রভাব পড়েনি। গরুর দাম এখনো সহনীয় পর্যায়ে রয়েছে। বাজারে ২০ হাজার টাকা থেকে ১০ লাখ টাকার গরু পাওয়া যাচ্ছে।
নগরের বিবিরহাট পশুর হাটের ইজারা নেওয়া কর্তৃপক্ষের এক সদস্য আশরাফ উদ্দিন বলেন, সোমবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা প্রায় ১০ হাজার গরু নিয়ে এসেছেন। ক্রেতাদেরও ভিড় বাড়ছে। তবে বেচাকেনা একটু কম। পুরোদমে বাজার জমতে জমতে শুক্রবার লাগবে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে ৪৮টি গরু নিয়ে এসেছেন মোহাম্মদ আজগর ও তাঁর লোকজন। তিনি বলেন, ‘ক্রেতাদের ভিড় থাকলেও বিক্রি তেমন হচ্ছে না। লোকজন এখন ঘুরে ঘুরে গরুর দর যাচাই-বাছাই করছেন। তবে দু-এক দিনের মধ্যে বিক্রি বাড়বে আশা করছি।’
চট্টগ্রামের হাটহাজারী থেকে আসা আকবর হোসেন বলেন, ‘কোরবানির দু-এক দিন আগে গরু কেনার চিন্তাভাবনা রয়েছে। এখন গরুর দরদাম সম্পর্কে ধারণা নিতে বাজারে এসেছি।’
এদিকে নগরের স্থায়ী ও অস্থায়ী আটটি পশুর হাটে প্রাণী চিকিৎসক দল দায়িত্ব পালন করছে। প্রত্যেক দলে একজন চিকিৎসক ও দুজন করে সহকারী রয়েছেন। পুলিশের পাশাপাশি হাটের নিরাপত্তায় ইজারাদারদের নিজস্ব লোক কাজ করছেন। প্রত্যেকটি হাটে হাসিল নেওয়ার জন্য একাধিক কাউন্টার খোলা হয়েছে।