চট্টগ্রামে পশুর হাটে জাল নোট শনাক্তকরণ যন্ত্র বসছে
চট্টগ্রামের নয়টি কোরবানির পশুর হাটে পর্যাপ্ত সংখ্যক জাল টাকা শনাক্তকরণ যন্ত্র বসানো হচ্ছে। বিবিরহাটে গতকাল মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে একটি জাল টাকা শনাক্তকারী যন্ত্র বসিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। কোরবানির পশু কেনা-বেচায় জাল টাকা শনাক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে। এর আগে গত সোমবার থেকে পুলিশ প্রশাসনের উদ্যোগে নগরের নয়টি গরুর হাটে এই ধরনের ১১টি যন্ত্র বসানো হয়। এর মধ্যে বিবিরহাট ও সাগরিকা গরুর হাটে বসানো হয় দুটি করে যন্ত্র। অপর সাতটি বাজারে একটি করে যন্ত্র বসানো হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক আগামী বৃহস্পতিবার আরও ১০টি যন্ত্র সরবরাহ করছে পুলিশ প্রশাসনকে। এগুলোও চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনা করে পর্যায়ক্রমে বিভিন্ন বাজারে বসানো হবে বলে জানা গেছে। চেম্বার সূত্রে জানা যায়, চট্টগ্রাম চেম্বারের নিজস্ব অর্থায়নে নগরের বিভিন্ন পশুর হাটে মোট ১০টি জাল টাকা শনাক্তকারী যন্ত্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল বিবিরহাটে প্রথম যন্ত্রটি স্থাপন করা হয়। এরপর খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাগরিকা গরুর বাজার, স্টিল মিল বাজার, ঈশান মিস্ত্রিরহাট, আনোয়ারা উপজেলার সরকারহাটে একটি করে জাল টাকা শনাক্তকারী যন্ত্র বসানো হবে। অপর চারটি যন্ত্র চাহিদামতো বিভিন্ন বাজারে বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানা যায়।গতকাল বিবিরহাটে জাল টাকার শনাক্তকারী যন্ত্রটি উদ্বোধন করেন চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম।