চট্টগ্রামে পশুর হাটে বসছে জাল নোট শনাক্তকরণ যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর চট্টগ্রামের কোরবানির পশুর হাটে জাল টাকার নোট শনাক্তকরণ যন্ত্র বসানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। হাটগুলোতে বিপুল পরিমাণ নগদ অর্থ লেনদেনে ব্যবসায়ীরা যাতে প্রতারিত না হন, সে জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশের কর্মকর্তারা জানান।চট্টগ্রামে নতুন ছাপানো ১০০ ও এক হাজার টাকার নোটের ক্ষেত্রে জাল নোট বেশি হচ্ছে বলে পুলিশের কাছে অভিযোগ এসেছে। পুলিশ বেশ কিছু নকল টাকা উদ্ধার এবং এই টাকা বেচাকেনায় জড়িত কিছু লোককে গ্রেপ্তার করে।জানা গেছে, জেলার মোট ১৫টি উপজেলার প্রতিটির একটি করে বড় পশুর হাটে নকল টাকা শনাক্তকরণের একটি করে যন্ত্র বসানো হবে। এ জন্য গতকাল বুধবার মোট ১৮টি যন্ত্র কেনা হয়েছে। তিনটি যন্ত্র রাখা হবে জেলা পুলিশ কার্যালয়ে। প্রয়োজনের মুহূর্তে এসব যন্ত্রও কোনো না কোনো বাজারে নিয়ে ব্যবহার করা হবে বলে জানা গেছে।জেলা পুলিশের অতিরিক্ত সুপার (সদর) নূরে আলম মিনা প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা প্রতি উপজেলার সবচেয়ে বড় পশুর হাটে একটি করে যন্ত্র সরবরাহ করছি। চাহিদা থাকলে অন্য পশুর হাটেও এ ধরনের যন্ত্র ব্যবহার করা হবে।’নগর পুলিশ সূত্র জানায়, নগরের বিভিন্ন স্থানে এবার পশুর হাট বসছে নয়টি। এর মধ্যে সবচেয়ে বড় দুটি হাট হচ্ছে বিবিরহাট ও সাগরিকা। নগর পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই দুই বড় বাজারের জন্য দুটি যন্ত্র সরবরাহ করেছে। পুলিশের কেনা যন্ত্র থেকেও এই দুটি বসানো হবে এই দুই বাজারে। অপর সাতটি বাজারের প্রতিটিতে একটি করে যন্ত্র বসানোর পরিকল্পনা রয়েছে। এ প্রসঙ্গে নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার (ডিসি-এসবি) ফারুক আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমরা আপাতত ১৫টি যন্ত্র কিনছি। প্রয়োজন দেখা দিলে আরও কেনা হবে।’যেভাবে কাজ করবে যন্ত্র: বাজারে টাকার কোনো নোট নকল বলে সন্দেহ হলে তা এই যন্ত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। নোটটি ওই যন্ত্রে প্রবেশ করানো হলে নকল টাকার ক্ষেত্রে সতর্কতা সংকেত শোনা যাবে। আসল টাকার ক্ষেত্রে কোনো শব্দ হবে না। এ ছাড়া যন্ত্রের বাতির ওপর নকল টাকা ধরা হলে টাকার ভেতরে দেওয়া জলছাপ দেখা যাবে না। নোটের এই পরীক্ষার জন্য কাউকে কোনো অর্থ পরিশোধ করতে হবে না বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।