চট্টগ্রামে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালে জমানো ২০ হাজার টাকা পুঁজি নিয়ে বুটিক আর বিউটি পারলারের ব্যবসা শুরু করেন পটিয়ার খালেদা বেগম। চার বছরের ব্যবধানে এখন তিনটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তিনি, যেখানে কাজ করছেন ৪৫ জন নারী। আরেকজন মিরসরাইয়ের নাজমা আকতার। যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা প্রতিনিয়ত তাঁকে নির্যাতন করতেন। পরে নিজে প্রতিবাদী হয়ে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে এসে তিন কন্যা সন্তানকে মানুষ করছেন।


এ রকম সাহসী, প্রতিবাদী ও উদ্যোগী চট্টগ্রাম জেলার পাঁচ ‘জয়িতা’কে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। আজ বুধবার পাঁচলাইশ এলাকার শিশু একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্‌যাপন উপলক্ষে এ ছাড়াও আলোচনা সভা এবং পরে শোভাযাত্রার আয়োজন করা হয়।

পটিয়ার খালেদা বেগম আর মিরসরাইয়ের নাজমা আকতার ছাড়া অন্য তিন জয়িতার মধ্যে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য লোহাগাড়া উপজেলার সৈয়দা সুফিয়া খাতুন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য ফটিকছড়ির প্রীতি বড়ুয়া এবং সফল জননী হিসেবে সাতকানিয়ার সাজেদা বেগমকে এ সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের প্রত্যেককে একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।

সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নীতা চাকমা, সাবেক অধ্যক্ষ আনোয়ারা আলম, কাউন্সিলর আবিদা আজাদ, জেসমিন পারভিন, নারী নেত্রী জেসমিন সুলতানা পারু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে নারীর অধিকার প্রতিষ্ঠা ও স্বাবলম্বী হওয়া জরুরি। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে ক্রমান্বয়ে নারী নির্যাতন কমিয়ে আনা সম্ভব।