চট্টগ্রামে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্‌যাপন উপলক্ষে গতকাল চট্টগ্রাম নগরে শোভাযাত্রা বের করা হয় l ছবি: প্রথম আলো
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্‌যাপন উপলক্ষে গতকাল চট্টগ্রাম নগরে শোভাযাত্রা বের করা হয় l ছবি: প্রথম আলো

২০১১ সালে জমানো ২০ হাজার টাকা পুঁজি নিয়ে বুটিক আর বিউটি পারলারের ব্যবসা শুরু করেন চট্টগ্রামের পটিয়ার খালেদা বেগম। চার বছরের ব্যবধানে এখন তিনটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তিনি। এসব প্রতিষ্ঠানে ৪৫ জন নারী কাজ করছেন।
অন্যদিকে মিরসরাইয়ের নাজমা আকতারকে যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা নির্যাতন করতেন। এর প্রতিবাদ করে তিনি বেরিয়ে আসেন এবং তিন কন্যাকে মানুষ করছেন।
এ রকম সাহসী, প্রতিবাদী, উদ্যোগী চট্টগ্রাম জেলার পাঁচ ‘জয়িতা’ নারীকে সম্মাননা জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা মহিলা-বিষয়ক কর্মকর্তার কার্যালয়। গতকাল বুধবার পাঁচলাইশ এলাকার শিশু একাডেমী মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। একই দিনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য লোহাগাড়া উপজেলার সৈয়দা সুফিয়া খাতুন, নির্যাতনের বিভীষিকা ভুলে নতুন উদ্যমে জীবন শুরু করায় মিরসরাইয়ের নাজমা আকতার, অর্থনৈতিকভাবে সফলতা অর্জনের জন্য পটিয়ার খালেদা বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য ফটিকছড়ির প্রীতি বড়ুয়া ও সফল জননী হিসেবে সাতকানিয়ার সাজেদা বেগমকে সম্মাননা জানানো হয়। তাঁদের প্রত্যেককে ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।
সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নীতা চাকমা, সাবেক অধ্যক্ষ আনোয়ারা আলম, কাউন্সিলর আবিদা আজাদ, জেসমিন পারভিন, নারী নেত্রী জেসমিন সুলতানা পারু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে নারী নির্যাতন কমিয়ে আনা সম্ভব। নির্যাতন প্রতিরোধে নারীর অধিকার প্রতিষ্ঠা করার পাশাপাশি তাঁদের স্বাবলম্বী হওয়া জরুরি।