চট্টগ্রামে পাঁচ নিরাপত্তা কর্মীকে অজ্ঞান করে তিন প্রতিষ্ঠানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে একটি বাণিজ্যিক ভবনের তিন প্রতিষ্ঠানে গত বৃহস্পতিবার রাতে চুরি হয়েছে। শাহজাদী চেম্বার নামের নয়তলা ওই ভবনের পাঁচজন নিরাপত্তাকর্মীকে অজ্ঞান করে এই চুরি হয়। ওই পাঁচজনকে গতকাল শুক্রবার সকালে অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন মোহাম্মদ মামুন (২০), মোহাম্মদ আলী (৪৫), আল আমিন (৩২), গোলাম মোস্তফা (৪৫) ও সাইফুল কবির (৫০)। তাঁরা অভিযোগ করেন, ভবনের অপর নিরাপত্তাকর্মী তাঁদের মিষ্টির সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাইয়ে অজ্ঞান করেন।যে তিনটি প্রতিষ্ঠানে চুরি হয়েছে, সেগুলো হলো বাংলাদেশ কন্টেইনার লাইন লিমিটেড, মোহাম্মদীয়া ট্রান্সপোর্ট ও এমএন ট্রেডিং। তৃতীয় ও চতুর্থ তলার এই প্রতিষ্ঠানগুলোর তালা ভেঙে ৫৪ হাজার টাকাসহ মালামাল চুরি করা হয়েছে বলে জানা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন নিরাপত্তাকর্মীরা অভিযোগ করেন, ভবনের অপর নিরাপত্তাকর্মী আবুল হাশেম সন্তানের জনক হওয়ার কথা জানিয়ে রাত ১১টার দিকে তাঁদের মিষ্টি খাওয়ান। মিষ্টির সঙ্গে চেতনানাশক ওষুধ মেশানো থাকায় খাওয়ার পর তাঁরা অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁদের হাত-পা ও মুখ বেঁধে ভবনের একটি অংশে আটকে রাখা হয়। ঘটনার পর থেকে হাশেম পলাতক।শাহজাদী চেম্বারের তত্ত্বাবধায়ক নান্টু প্রসাদ বাদী হয়ে এ ব্যাপারে ডবলমুরিং থানায় চুরির মামলা করেছেন। নিরাপত্তাকর্মীরা সবাই বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান কেয়া সিকিউরিটি সার্ভিসের সদস্য। পুলিশ এ ঘটনায় কেয়ার মালিক মনিরুল হককে গ্রেপ্তার করেছে। চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত বলেন, ‘চোরের দল তিনটি প্রতিষ্ঠানই তছনছ করেছে। একটি প্রতিষ্ঠানের নগদ টাকা খোয়া গেছে। প্রতিষ্ঠানগুলোতে অনেক কম্পিউটার, ল্যাপটপ থাকলেও তারা নেয়নি। তাই ধারণা করা হচ্ছে, কেবল চুরির জন্য ঘটনাটি ঘটেনি। এ ঘটনার রহস্য আমরা শিগগির বের করব।’