চট্টগ্রামে পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণের অভিযোগে চট্টগ্রাম নগরের পাঁচটি ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন)। গতকাল রোববার বিএসটিআই চট্টগ্রাম কার্যালয় পরিচালিত ভেজালবিরোধী অভিযানের সময় এসব প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক কে এম হানিফ ও মো. হাবিবুর রহমান। প্রতিষ্ঠানগুলো হচ্ছে আগ্রাবাদ ফিনলে হাউসে অবস্থিত সাহাবুদ্দীন আলমের মালিকানাধীন এস এ সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, একই জায়গায় সাজ্জাদ আরেফীন আলমের লায়লা ফুড প্রোডাক্টস লিমিটেড, উত্তর হালিশহর বড়পোল এলাকার মো. জামাল উদ্দিনের মালিকানার মেসার্স অহি ইন্টারন্যাশনাল, হালিশহর হাউজিং এস্টেটে এ এম সাইফুল ইসলামের মেসার্স এ এম এস ইন্টারন্যাশনাল এবং হালিশহর নতুনপাড়া এলাকার মো. ওয়াহিদুল আলমের মেসার্স জান্নাত ইন্টারন্যাশানাল। এ ব্যাপারে বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক কে এম হানিফ প্রথম আলোকে বলেন, এসব প্রতিষ্ঠান বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া অবৈধভাবে পণ্য উৎপাদন ও বিক্রি করে আসছিল। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে বিএসটিআইয়ের আইন অনুযায়ী চট্টগ্রাম মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেটের আদালতে নিয়মিত মামলা করা হয়েছে।বিএসটিআই সূত্রে জানা যায়, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া এস এ সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে মুসকান আয়োডিন লবণ, লায়লা ফুড প্রোডাক্টস লিমিটেড মুসকান আটা ও ময়দা, মেসার্স অহি ইন্টারন্যাশনাল কেএফ ড্রিংকিং ওয়াটার, মেসার্স এ এম এস ইন্টারন্যাশনাল পিউরিটি ড্রিংকিং ওয়াটার এবং মেসার্স জান্নাত ইন্টারন্যাশনাল লাইফ ফিল ড্রিংকিং ওয়াটার বিক্রি ও বিতরণ করে আসছিল।