চট্টগ্রামে পাঁচ বছর পর শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পাঁচ বছর ধরে পলাতক শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে প্রায় পাঁচ বছর আগে শিশু ধর্ষণের ঘটনায় করা মামলার এক আসামি গ্রেপ্তার হয়েছে। আজ মঙ্গলবার জেলার আনোয়ারা এলাকা থেকে মোহাম্মদ শিপন নামের ওই আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আসামি শিপনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে পাঠানো হচ্ছে।

নুরুল আবসার আরও বলেন, ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি চন্দনাইশ উপজেলায় বাড়ির উঠানে খেলা করছিল পাঁচ বছরের এক শিশু।

প্রতিবেশী শিপন (২৭) ওই মেয়ে শিশুকে তাঁর ঘরে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। ভুক্তভোগীর মা তাঁর মেয়েকে খুঁজতে গিয়ে তাকে কান্নারত অবস্থায় দেখতে পান। জিজ্ঞাসা করলে শিশু কন্যা তার মাকে ধর্ষণের ঘটনা জানায়। পরবর্তী সময় ভুক্তভোগীকে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়।

এ ঘটনায় শিশুটির মা চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানায় একটি ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আসামি শিপনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামে মামলাটি বিচারাধীন।