চট্টগ্রামে পাঁচ সুপারশপসহ ৩০ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশি দামে পণ্য বিক্রি, পচা মাছ-মাংস সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে নগরের পাঁচ সুপারশপকে এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া নগরের দুটি কাঁচাবাজার ও বিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে আরও ২৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা ও ২৮৫ কেজি সবজি জব্দ করা হয়।

আজ শুক্রবার এসব অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান, ফোরকান এলাহী অনুপম, আনিসুল ইসলাম ও সাব্বির রহমান।
জরিমানা করা সুপারশপগুলো হচ্ছে, প্রবর্তক এলাকার আগোরা, ষোলশহর এলাকার মীনাবাজার, গোলপাহাড় মোড়ের স্বপ্ন, খুলশী এলাকার দি গ্রোসার ও খুলশী মার্ট। এসব সুপারশপে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। তিনি বলেন, শুক্রবার নগরের রিয়াজুদ্দিন পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম ছিল ১৫ টাকা। অথচ সুপারশপগুলোতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল ৬৫-৮০ টাকায়। এ ছাড়া ছোলা, চিনিসহ অন্যান্য কাঁচা পণ্যেও অনেক বেশি দামে বিক্রি হচ্ছিল। দি গ্রোসার সুপারশপে পচা-বাসি মাছ–মাংস পাওয়া গেছে। এসব কারণে প্রত্যেক সুপারশপকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
একই কারণে নগরের ফ্রিপোর্ট ও ফইল্যাতলী বাজারে পৃথক অভিযানে ১২টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। নির্ধারিত পাইকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় ফ্রিপোর্ট বাজারের একটি আড়ত থেকে ২৮৫ কেজি সবজি জব্দ করা হয়।
এ ছাড়া বিবিরহাট আতুরার ডিপো এলাকায় মূল্যতালিকা না টাঙানোয় ১৩টি প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।