চট্টগ্রামে পাঁচ হাজার বোতল মদ ধ্বংস
চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পাঁচ হাজার ৫০ বোতল মদ ও বিয়ার ধ্বংস করা হয়েছে। গত তিন মাসে কোস্টগার্ডের বিভিন্ন অভিযানে এসব মদ ও বিয়ার জব্দ করা হয়।চট্টগ্রামের আনোয়ারায় কোস্টগার্ডের পূর্বাঞ্চলীয় কার্যালয়ের সামনে স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মোস্তাক আহমদের উপস্থিতিতে এসব মদ ও বিয়ার ধ্বংস করা হয়। এসব মদের আনুমানিক মূল্য সাড়ে ৮২ লাখ টাকা।বুলডোজার দিয়ে মাত্র তিন মিনিটেই এসব মদ ধ্বংস করা হয়। এ সময় কোস্টগার্ডের মহাপরিচালক কাজী সরোয়ার হোসেন উপস্থিত ছিলেন।কোস্টগার্ড পূর্বাঞ্চলের চোরাচালান প্রতিরোধ কর্মকর্তা শরীফুল হক খান প্রথম আলোকে বলেন, এসব মদের বেশির ভাগই মিয়ানমার থেকে মাছ ধরার নৌকায় করে চোরাপথে চট্টগ্রামে আনা হয়। আনোয়ারা উপকূল ব্যবহার করে কিছু চোরাচালানি এসব মদ নিয়ে আসে।সূত্র জানায়, এর আগে কোস্টগার্ড যেসব মদ আটক করত, সেগুলো শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করা হতো। পরে সেসব মদ বাংলাদেশ পর্যটন করপোরেশন নিলামে কিনে নিত। কিন্তু এখন কোস্টগার্ড নিজেই তা ধ্বংস করে থাকে। এ সম্পর্কে শরীফুল হক খান বলেন, শুল্ক বিভাগে হস্তান্তর নিয়ে পরে অনেক কথা ওঠে। সে জন্য কোস্টগার্ড নিজেরাই এসব মদ ধ্বংস করার উদ্যোগ নেয়।কোস্টগার্ড সূত্র জানায়, বিভিন্ন অভিযানে জব্দ করা আরও তিন হাজার বোতল বিদেশি মদ সংরক্ষণ করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হবে।