চট্টগ্রামে পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরের একটি শিশুকে অপহরণ করা এবং মুক্তিপণ আদায়ের দায়ে পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এই রায় দেন।
সাজা পাওয়া আসামিরা হলেন রহিমা বেগম, রোকসানা, মামুনুর রশিদ, মো. জালালউদ্দিন ও করিম।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আকতার জানান, রহিমা বেগম ও রোকসানার বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের দুবার করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একটি সাজা শেষ হওয়ার পর আরেকটি শুরু হবে। এ ছাড়া এঁদের এক লাখ টাকা করে জরিমানাও করা হয়। তিনি জানান, মামুনুর রশিদ, জালালউদ্দিন ও করিমের বিরুদ্ধে মুক্তিপণ আদায়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া এ তিনজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সাজা পাওয়া আসামিদের মধ্যে মামুনুর রশিদ জেলহাজতে। অন্যরা পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় নুরুল বশর নামের এক আসামিকে খালাস দেন আদালত।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে শিশুটিকে অপহরণ করেন রোকসানা ও রহিমা। এরপর শিশুটির বাবার মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে শিশুটির বাবা অপহরণকারীদের দেড় লাখ টাকা দেন। অপহরণের ছয় দিন পর ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালীর কুতুকখালী এলাকায় রহিমা বেগম ওরফে রহিমা ডাকাতের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এর পরদিন শিশুটির বাবা ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।