চট্টগ্রামে পাঁচটি ওয়ার্ডে সংঘর্ষে আহত ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমের নির্বাচন বর্জনের ঘোষণার পরও পাঁচটি ওয়ার্ডের বেশ কিছু ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তার করা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সহিংসতার এসব ঘটনায় কাউন্সিলর পদপ্রার্থী, পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ২১ জন।
গতকাল মঙ্গলবার দুপুরে ভোট গ্রহণের সময় কাপাসগোলা কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় আহত হন ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ সেলিম রহমান। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, সেলিম রহমান হাতে আঘাত পেয়েছেন।
প্রার্থীর ওপর হামলার বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিক আহমদ চৌধুরী জানান, কেন্দ্রের বাইরে আরেক প্রার্থীর সমর্থকদের হামলায় সেলিম আহত হন। তবে কারা হামলা করেছে জানা যায়নি।
নগরের লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত দুই প্রার্থী এফ কবির আহমেদ ও তৌহিদ আজিজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর ১২টা থেকে লালখান বাজার বাগঘোনা মোড়ে এ ঘটনা ঘটে। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে দুই প্রার্থীর অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে বিকেল পৌনে চারটার দিকে লালখান বাজারের ইস্পাহানি মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। লাঠিসোঁটা নিয়েও দুই পক্ষ মারামারিতে লিপ্ত হয়। সংঘর্ষে আহত আসিফ উদ্দিন নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, ‘দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। তাদের হাতে লাঠিসোঁটা ছিল। আমরা পরে ধাওয়া দিয়ে পরিস্থিতি শান্ত করি। তবে গুলি চালানোর ঘটনা দেখিনি।’
এ বিষয়ে বক্তব্য জানতে এফ কবির আহমেদ মানিক ও তৌহিদ আজিজের মুঠোফোনে কল করা হলেও তাঁরা ফোন ধরেননি।
বাকলিয়া চর চাক্তাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর চাক্তাই সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে বেলা ১১টা থেকে দুই কাউন্সিলর পদপ্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের বিএনপি-সমর্থিত ইয়াছিন চৌধুরী ও আওয়ামী লীগের এস এম শহিদুল্লাহার সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ মারামারিতে লিপ্ত হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।
চর চাক্তাই সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নাজমুল হক জানান, ‘সংঘর্ষের সময় বিদ্যালয় ভবনের কাচ ভেঙে ফেলা হয়েছে। আমরা খুব আতঙ্কিত অবস্থায় ছিলাম। ভোট বন্ধ করে কোনোরকমে নিজেদের রক্ষা করি। প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল ভোট।’
দুপুর ১২টার দিকে পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক আতিকুর রহমান জানান, সংঘর্ষ থামাতে পুলিশ ২৪টি ফাঁকা গুলি ছুড়ে।
বাকলিয়া শহীদ এন এম কলেজ কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত দুই কাউন্সিলর পদপ্রার্থী ফয়জুল্লাহ বাহাদুর ও নুরুল হকের অনুসারীদের মধ্যে বেলা দেড়টার দিকে সংঘর্ষ হয়। এ সময় অন্তত পাঁচজন আহত হন। এর মধ্যে মো. আকতার, রশীদ ও বেলাল নামে তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, ‘একটু সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে।’
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বেলা সাড়ে তিনটার দিকে র্যাব লাঠিপেটা করে। এর আগে সেখানে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন আসিফ, ইমরান, মিজানুর রহমান ও মিজবাহ উদ্দিন।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘ভুল-বোঝাবুঝির কারণে এটা ঘটেছে। বড় কোনো ঘটনা নয়।’
৫ নম্বর মোহরা ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত দুই কাউন্সিলর পদপ্রার্থী অলিদ চৌধুরী ও মো. আবুল হাশেমের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা একটা থেকে দুইটা পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত থাকে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা দেওয়ান আইনুল হক।
এ ছাড়া নগরের আরও কয়েকটি ভোটকেন্দ্রের আশপাশে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন।