চট্টগ্রামে পাঁচটি খাবারের দোকানকে জরিমানা
চট্টগ্রাম জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের কারণে নগরের পাঁচটি দোকানকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল রোববার নগরের পাঁচলাইশ, দেওয়ানহাট ও পাঠানটুলিতে অভিযান চালানো হয়।
গতকাল দুপুরে নগরের পাঁচলাইশ এলাকার প্রবাসী বেকারিতে অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বেকারির ভেতরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন অভিযানে নেতৃত্ব দেন।
রুহুল আমীন বলেন, দোকান থেকে পোড়া কালো পাম তেল উদ্ধার করা হয়। কর্মীরা কাজ করছিলেন অপরিষ্কার হাতে। সবচেয়ে বড় অপরাধ ছিল উৎপাদিত বিস্কুটের গায়ে উৎপাদনের তারিখ লেখা ছিল না।
নগরের দেওয়ানহাট ও পাঠানটুলি এলাকায় পৃথক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নোংরা পরিবেশ, খাবারে কাপড়ের রং দেওয়া, পোড়া তেল ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মের কারণে চারটি দোকানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস অভিযানে নেতৃত্ব দেন। তাঁকে সহযোগিতা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
অভিযানে পাঠানটুলির ইসলাম বেকার্স অ্যান্ড কনফেকশনারিকে ৬০ হাজার টাকা, এস এস ফুডসকে ৫০ হাজার টাকা, দেওয়ানহাটের হোটেল সিটি আইকে ১০ হাজার টাকা ও নিউ মডেল ফুডকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।