চট্টগ্রামে পাঁচটি চোরাই গাড়িসহ গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর থানার পুলিশ দেশের বিভিন্ন স্থান থেকে চারটি চোরাই কার, একটি মাইক্রোবাসসহ নয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া সবাই পেশাদার গাড়ি চোর চক্রের সদস্য। তিন দিন আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি গাড়ি উদ্ধারের মাধ্যমে পুলিশ এসব গাড়ি উদ্ধার অভিযান শুরু করে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম হাসান ওরফে হেকমত, রফিকুল ইসলাম, কাজল, ফজলু, তরিকুল ইসলাম ওরফে বাবু, শফিকুল ইসলাম, এনামুল হক, মো. সালমান ও ফয়সাল হোসেন। তাদের বাড়ি চট্টগ্রাম, খুলনা, বরগুনা, নেত্রকোনা, নারায়ণগঞ্জ ও চাঁদপুর। পুলিশ জানায়, বন্দর থানার কাছে নিমতলীতে একটি গাড়ির দুর্ঘটনার সূত্র ধরে পুলিশ গাড়িগুলো উদ্ধার করে। এক ব্যক্তি কারটি চালানোর সময় ফুটপাতে উঠে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আটকে যায়। তখন ট্রাফিক পুলিশের সার্জেন্ট এসে কারটির দুর্ঘটনার কারণ জানতে চান। কিন্তু কারের চালক কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, সেটি একটি চোরাই গাড়ি। এরপর পুলিশ বিস্তারিত খোঁজ নিয়ে একে একে গাড়িগুলো উদ্ধার করে। চট্টগ্রাম বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মো. আহসানুল ইসলাম প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বন্দর থানার পুলিশ ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি চোরাই গাড়ি উদ্ধার করে। সেখান থেকে কার চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানার নিমতলী থেকে পুলিশ আরও একটি কার উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করে। পরে ফেনী থেকে একটি এবং গাজীপুরের জয়দেবপুর থেকে আরও একটি কার ও একটি মাইক্রোবাস উদ্ধার করে। এ সময় গ্রেপ্তার করা হয় পাঁচজনকে।অভিযানের নেতৃত্ব দেওয়া বন্দর থানার উপপরিদর্শক (এসআই) কাউসার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া সবাই চোর দলের সদস্য। তারা গাড়ি চুরি করে অপেক্ষাকৃত কম দামে দ্রুত বিক্রি করে দেয়। তিনি বলেন, একটি ১০ লাখ টাকার নোয়াহ মাইক্রোবাস বিক্রি করা হয়েছে মাত্র দেড় লাখ টাকায়।