চট্টগ্রামে পাঁচটি দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরের আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি দোকান উচ্ছেদ করেছেন। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়।
কোনো ধরনের নোটিশ না দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দোকানমালিকেরা। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আতুরার ডিপো এলাকায় নালা ও রাস্তা সংস্কার করা হবে। এ জন্য ওই এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে গতকাল ক্যাফে বাগদাদ, বাগদাদ সুইটসসহ পাঁচটি দোকান উচ্ছেদ করা হয়েছে।
ক্যাফে বাগদাদের মালিক হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত কোনো রকমের নোটিশ না দিয়ে দোকানগুলো উচ্ছেদ করেছেন।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, নালা ও রাস্তা সংস্কারের জন্য এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করার আগে পাঁচবার নোটিশ দেওয়া হয়েছিল; কিন্তু স্থাপনা সরানো হয়নি।