চট্টগ্রামে পাইকারিতে চিনির দাম কমেছে কেজিতে আড়াই টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাইকারি বাজারে একদিনে কেজিপ্রতি চিনির দাম কমেছে প্রায় আড়াই টাকা। চিনির আমদানি শুল্ক কমানোর ঘোষণা ও ন্যায্যমূল্যে চিনি বিক্রির কারণে পাইকারি বাজারে দাম কমেছে বলে মনে করেন ব্যবসায়ীরা।পাইকারি বাজার খাতুনগঞ্জ সূত্রে জানা গেছে, গত বুধবার এই বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হয় প্রায় ৪৭ টাকায়। গতকাল বিক্রি হয়েছে সাড়ে ৪৪ টাকায়। তবে পাইকারি বাজারের এই দাম কমার প্রভাব খুচরা বাজারে পড়েনি। খুচরা বাজারে গতকাল কেজিপ্রতি চিনি বিক্রি হয় ৫০ টাকায়।প্রসঙ্গত, বুধবার চিনি আমদানিতে শুল্ক কমানোর ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ড। ঘোষণা অনুযায়ী, অপরিশোধিত চিনির শুল্ক প্রত্যাহার এবং পরিশোধিত চিনির শুল্ক টনপ্রতি চার হাজার টাকা থেকে কমিয়ে দুই হাজার টাকা নির্ধারণ করা হয়। অর্থাৎ পরিশোধিত চিনি আমদানিতে কেজিপ্রতি শুল্ক হবে দুই টাকা। ১৫ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ প্রথম আলোকে জানান, দেরিতে হলেও সরকার ভালো পদক্ষেপ নিয়েছে। একদিনে চিনির দাম কেজিপ্রতি আড়াই টাকা কমেছে। রোজার আগে এই পদক্ষেপ নেওয়া হলে চিনির দাম স্থিতিশীল থাকত। তিনি মনে করেন, শুল্ক কমানোয় পরিশোধিত চিনি আমদানি শুরু হবে।এদিকে চট্টগ্রাম নগরে ন্যায্যমূল্যে চিনি বিক্রির পরিমাণও বেড়েছে। এস আলম গ্রুপ গতকাল থেকে ন্যায্যমূল্যে চিনি সরবরাহ শুরু করেছে। কেজিপ্রতি ৪২ টাকা দরে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন ২০০ টন চিনি সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। প্রথম দিনে সরবরাহ করা হয় ২৪০ টন। লালদীঘি মাঠে এক অনুষ্ঠানে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদের কাছে এ চিনির বরাদ্দপত্র তুলে দেন এস আলম গ্রুপের পরিচালক শহীদুল ইসলাম।ব্যবসায়ীদের হিসাবে, চট্টগ্রামে চিনির চাহিদা এখন প্রতিদিন অন্তত ৪৫০ টন। এ হিসাবে চাহিদার প্রায় অর্ধেক চিনি ন্যায্যমূল্যে বিক্রি হচ্ছে। ন্যায্যমূল্যে চিনি বিক্রির প্রভাবও বাজারে পড়ছে।জানা যায়, একজন পাইকারি বিক্রেতা পাঁচ বস্তা থেকে সর্বোচ্চ এক টন পর্যন্ত চিনি কিনতে পারবেন কেজিপ্রতি ৪২ টাকা দরে। তাঁরা এ চিনি ৪৪ টাকা কেজি দরে বিক্রি করবেন খুচরা বিক্রেতাদের কাছে। এ ব্যবস্থার সমন্বয় করছে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। চট্টগ্রামের ১৭টি বাজারের বিক্রেতারাও এই চিনি কিনতে পারবেন।মঙ্গলবার সার্কিট হাউসে ব্যবসায়ীদের মতবিনিময় সভায় মিলগেট থেকে কেজিপ্রতি ৪২ টাকা দরে প্রতিদিন ২০০ টন চিনি সরবরাহের ঘোষণা দেন এস আলম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ।