
হেমন্তের সন্ধ্যা। একে একে আসছেন অতিথিরা। সাংসদ, রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, লেখক-শিল্পী-সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, প্রকৌশলী, ডিজাইনারসহ নানা শ্রেণী-পেশার মানুষের সমাগমে ভরে ওঠে শহরের পাঁচলাইশ এলাকার কমিউনিটি সেন্টারটি। প্রথম আলোর ১৫ বছরপূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার ছুটির দিনে আয়োজিত সুধী সমাবেশটি পাঠক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে পরিণত হয় মিলনমেলায়। অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটায়। সূচনা বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। এরপর দেখানো হয় প্রথম আলোর বর্ষপূর্তি আয়োজনে এবারের মূল ভাবনা ‘পথ হারাবে না বাংলাদেশ’-এর ওপর নির্মিত আশা আছে শীর্ষক প্রামাণ্যচিত্র। এরপর মঞ্চে আসেন চট্টগ্রামের প্রবীণ শিক্ষাবিদ ও বেসরকারি ইস্ট-ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান। তিনি বলেন, ‘বিষয়বৈচিত্র্যে প্রথম আলো এ দেশের প্রথম পত্রিকা, যে চমক দিতে পেরেছিল। এ দেশে সংবাদের ধারণা এবং ধরন বদলে দিতে যুগান্তকারী ভূমিকা রেখেছে প্রথম আলো।’ অতিথিদের সম্ভাষণ জানিয়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে ভালো থাকি। আমরা চাই, আমাদের প্রিয় বাংলাদেশ ভালো থাকুক।’ তিনি বলেন, ‘গত দুই দশক ধরে বাংলাদেশের রাজনীতি ক্রমশ সহিংস হয়ে উঠেছে। বিশেষ করে সরকারের চার বছর পর পাঁচ বছর যখন শুরু হয়, তখন হরতাল, অবরোধ, সহিংসতায় যেভাবে মানুষের মৃত্যু হতে থাকে, তা আমাদের প্রচণ্ড ব্যথিত করে। আর এসব খবর আমরা পত্রিকায় ছাপি, যা আমাদের গভীরভাবে হতাশ করে। এসব কিছুর পরও আমরা আশায় বুক বেঁধে আছি। দেশে সব দলের অংশগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন হবে, সব সমস্যা কেটে যাবে।’ সমাপনী রবীন্দ্রসংগীত ‘আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও’-এর মধ্য দিয়ে পর্দায় তুলে ধরা হয় প্রথম আলোর নানা সামাজিক কার্যক্রম। শেষে আনন্দঘন একটি সন্ধ্যার স্মৃতিকে ধারণ করে ঘরে ফিরে যান অতিথিরা। অনুষ্ঠানে রাজনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন চেমন আরা তৈয়ব, সাইফুজ্জামান চৌধুরী, ইফতেখার সাইমুম চৌধুরী, কমরেড শাহ আলম, জেলা প্রশাসক আবদুল মান্নান, মেয়র মোহাম্মদ মন্জুর আলম, সচিব রশিদ আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মুসলিম, দুদক চট্টগ্রাম অঞ্চলের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, জেলার রফিকুল কাদের, অতিরিক্ত কর কমিশনার আবু দাউদ, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি চন্দন দাশ ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, মহানগর পিপি কামাল উদ্দিন, জেলা পিপি আবুল হাশেম, সুজন চট্টগ্রামের সাধারণ সম্পাদক আখতার কবীর চৌধুরী, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরী, কলামিস্ট অধ্যাপক ইয়াহ্-ইয়া আখতার, অধ্যাপক ভূঁইয়া ইকবাল, অধ্যাপক লায়লা জামান, অধ্যাপক মাহবুবুক হক, শিল্পী আবুল মনসুর, ঢালী আল মামুন, দিলারা বেগম জলি, খালিদ আহসান, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, কণ্ঠশিল্পী আবদুল মান্নান রানা, ডিজাইনারস ফোরামের উপদেষ্টা রওশন আরা, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, সার্ক চেম্বারের পরিচালক এস এম নুরুল হক, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আইভি হাসান, ব্যবসায়ী সৈয়দ ছগির আহমেদ, এম এম কামাল পাশাসহ আরও অনেকে।