চট্টগ্রামে পাঠকদের মুখোমুখি শীর্ষেন্দু মুখোপাধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের প্রেসক্লাব ভবনের বাতিঘরে গতকাল সন্ধ্যায় পাঠকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বরেণ্য কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় l প্রথম আলো
চট্টগ্রাম নগরের প্রেসক্লাব ভবনের বাতিঘরে গতকাল সন্ধ্যায় পাঠকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বরেণ্য কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় l প্রথম আলো

বরেণ্য কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন, ‘মানুষ যদি সম্পদের মতো ব্যবহার হতো, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতো। মানবসম্পদ তৈরি করতে আমরা পারিনি। তাই এত সংকট।’
পশ্চিমবঙ্গের এই লেখক গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের প্রেসক্লাব ভবনের বই বিপণিকেন্দ্র বাতিঘরে পাঠকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন। তিনি এ সময় তাঁর লেখক জীবনের নানা গল্প তুলে ধরেন। এ ছাড়া পাঠকদের নানান প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি-সাংবাদিক ওমর কায়সার।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, ১৯৫৮ সালে দৈনিক দেশ পত্রিকায় প্রথম আমার লেখা বের হয়। সেই থেকে পর পর গল্প বের হচ্ছে। কিন্তু মানুষ কেন জানি বুঝতে পারছে না। তাদের কাছে কেন যেন বোধগম্য হচ্ছে না। তার পরও টিকে গিয়েছিলাম কয়েকজন সম্পাদকের প্রশ্রয়ে। একসময় দেখি ঘুণপোকা জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিবছর সংস্করণ বের হচ্ছে।
দূরবীন উপন্যাস সম্পর্কে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, ‘এটাতে আমি ৫০ বছর আগের এবং পরের ভাবনা আনার চেষ্টা করেছি। অনেক সময় নিজের কাছেই কিছু কিছু অপ্রাসঙ্গিক মনে হয়েছে। কিন্তু দেখি পাঠক ভালোভাবে নিয়েছে।’
বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনে শীর্ষেন্দু বলেন, ‘বাংলাদেশ আমার নিজেরই দেশ। এখানে আমি জন্মেছি। এ দেশে আমার পূর্বপুরুষের দেহাবশেষ মিশে আছে।’
তিনি পাঠকদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশে যে পরিমাণ বই বিক্রি হয় তার জন্য আমি এখানকার পাঠকদের কাছে কৃতজ্ঞ। আমার জীবনে আপনাদের অবদান অনেক।’ পরে তিনি পাঠকদের অটোগ্রাফ দেন এবং অনেকের সঙ্গে ছবি তোলেন।