চট্টগ্রামে পানির জন্য বিক্ষোভ
চট্টগ্রামে পানির দাবিতে ওয়াসা ভবনের সামনে বিক্ষোভ করেছেন নগরের লালখান বাজারের বাসিন্দারা। গতকাল মঙ্গলবার দুপুরে খালি কলসি হাতে অসংখ্য নারী-পুরুষ ওয়াসা ভবনের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বাগঘোনা, লালখান বাজার, মতিঝরনা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাঁদের অভিযোগ গত তিন দিন ধরে এসব এলাকায় ওয়াসার কোনো পানি আসছে না। পানির অভাবে রোজার দিনে মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছেন। মনির নামে বাগঘোনার এক বাসিন্দা বলেন, ‘সারা রাত পানির জন্য জেগে থাকি কিন্তু পানি আসে না। নিরুপায় হয়ে আমরা এখানে এসেছি।’ বিক্ষোভকারীরা এ সময় ‘পানি চাই, দিতে হবে’ ইত্যাদি স্লোগান দেন। প্রায় এক ঘণ্টা বিক্ষোভ করে তাঁরা চলে যান। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এফ আই কবির মানিক বিক্ষোভের কথা স্বীকার করে বলেন, পানি না পেয়ে আমার এলাকার কিছু লোক বিক্ষোভ করে ওয়াসাকে একটি স্মারকলিপি দিয়েছে। ওয়াসা কর্তৃপক্ষ পানি দেওয়ার আশ্বাস দিয়েছে।