চট্টগ্রামে পানির ট্যাংকে গ্যাস-বিষক্রিয়ায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পাহাড়তলী থানার কাট্টলী পোস্ট অফিস গলিতে নির্মাণাধীন একটি পানির ট্যাংকে কাজ করার সময় দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।গ্যাস-বিষক্রিয়ায় তাঁরা মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন: আবুল কালাম (৫৫) ও আবদুর রহমান (৫০)। তাঁরা দুজনই রাজমিস্ত্রি। কাট্টলীর আবদুল মান্নান সওদাগরের একটি খালি জায়গায় এই পানির ট্যাংকটি নির্মাণের দায়িত্বে নিয়োজিত ছিলেন ওই ব্যক্তিরা। পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুল ইসলাম বলেন, পানির ট্যাংকটির ভেতরে বৃষ্টির পানি জমে গিয়েছিল। এটির ছাদও দেওয়া হয়েছে। ভেতরে বাঁশ, কাঠসহ অন্য নির্মাণসামগ্রী ছিল। সকালে বাঁশ-কাঠ তুলতে ট্যাংকের ভেতরে নামলে ওই দুজন আর উঠতে পারেননি। তিনি বলেন, ট্যাংকের ফিনিশিংয়ের কাজ বাকি ছিল। ভেতরে বৃষ্টির পানির সঙ্গে অন্য সামগ্রী মিশে গ্যাস-বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হতে পারে।