চট্টগ্রামে পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন

ওয়াসার পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার দাবিতে গতকাল সোমবার চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। মানববন্ধন শেষে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম ওয়াসা এ বছরের ফেব্রুয়ারি মাসে এক দফা ৫ শতাংশ পানির মূল্যবৃদ্ধি করে আবাসিকে প্রতি ইউনিট পানির দাম ৯ টাকা ৪৫ পয়সা থেকে বাড়িয়ে ৯ টাকা ৯২ পয়সা এবং বাণিজ্যিকে ২৬ টাকা ২৫ পয়সা থেকে ২৭ টাকা ৫৬ পয়সা করেছে। এরপর আবার পানির দাম বাড়িয়ে আবাসিকে ১৬ টাকা এবং বাণিজ্যিকে ৪৫ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও জনস্বার্থবিরোধী। কেননা এ বছর ফেব্রুয়ারি মাসে এক দফা মূল্যবৃদ্ধি হয়েছে। একই বছর দুবার পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বেআইনি।
গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমীর সভাপতিত্বে বক্তারা বলেন, ইতিমধ্যে গ্যাসের মূল্যবৃদ্ধির চাপে জনজীবন অসহনীয় হয়ে উঠেছে। এর সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি তো আছেই। অসংখ্য গ্রাহক নিয়মিত বিল পরিশোধ করেও প্রয়োজনীয় পানি পাচ্ছেন না। বহু এলাকার গ্রাহক ওয়াসার সরবরাহ করা পানিতে লবণ, লৌহ ও জীবাণুদূষণের কারণে নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। অনেক গ্রাহক দীর্ঘদিন ধরে ভুতুড়ে বিল পরিশোধ করতে বাধ্য হচ্ছেন। পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা না হলে চট্টগ্রামবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন করা হবে বলে ঘোষণা দেন বক্তারা।
মানববন্ধনে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অশোক সাহা, বাসদ সদস্যসচিব অপু দাশ গুপ্ত, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের আল কাদেরী জয়, অমৃত বড়ুয়া, আকরাম হোসেন, আরিফ মাইনুদ্দিন।
মানববন্ধন শেষে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়।