চট্টগ্রামে পারসোনার শাখা উদ্বোধন
সৌন্দর্যসেবা প্রতিষ্ঠান পারসোনার সপ্তম শাখা উদ্বোধন করা হয়েছে বন্দরনগর চট্টগ্রামে। গতকাল শুক্রবার বিকেলে আফমি প্লাজায় ফিতা এবং কেক কেটে পারসোনার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম।উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, দীর্ঘদিন ধরে পারসোনা গ্রাহকদের যে সেবা এবং নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছে, এই শাখা উদ্বোধনের মধ্য দিয়ে তার অগ্রযাত্রা অব্যাহত থাকবে।পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান বলেন, ঢাকায় ছয়টি শাখার পর চট্টগ্রামেই প্রথম পারসোনার সপ্তম শাখা খোলা হলো। চট্টগ্রামবাসীর কথা চিন্তা করে প্রতি মাসে বিনা মূল্যে পাঁচজন কনেকে সাজানো হবে। অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিভিন্ন অনুষ্ঠানের সাজে কানিজ আলমাস খানের মেকআপ ও হেয়ার স্টাইলে সজ্জিত র্যাম্প মডেলরা মডেলিংয়ে অংশ নেন।পারসোনার শাখা উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পারসোনার চেয়ারম্যান হোসাইন নাসরাত আলী খান, কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, তপন চৌধুরী ও মুকিত যাকারিয়া, ডিজাইনার এমদাদ হক, অভিনেত্রী ও মডেল তানভীন সুইটি, তানিয়া আহমেদ, সারিকা, শারমিন লাকী।